রংপুরে নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে জনতা ব্যাংক কর্মকর্তা আটক
আটক ব্যাংক কর্মকর্তাকে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
খাদ্য বিভাগের উপ-পরিদর্শক পদে নিয়োগ পরীক্ষায় অন্যের হয়ে প্রক্সি দিতে গিয়ে রংপুরে এক ব্যাংক কর্মকর্তা আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে এক মাসের কারাদণ্ড দেওয়া হয়।
শনিবার সকালে রংপুর সিদ্দিক মেমোরিয়াল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্র থেকে তাকে আটক করা হয় বলে জানান রংপুর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম শেখ মাহবুবে সোবহানী।
কারাদণ্ড পাওয়া গোলাম রব্বানী জনতা ব্যাংক রংপুর করপোরেট শাখার কর্মকর্তা। তিনি রংপুরের পীরগঞ্জ উপজেলার টিওরমারী গ্রামের বাসিন্দা।
নির্বাহী হাকিম মাহবুবে সোবহানী বলেন, ওই কেন্দ্রে পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনের (রোল নম্বর: ২২৮৩৮৪৬) সঙ্গে মোটা অঙ্কের টাকার চুক্তিতে প্রক্সি হিসেবে পরীক্ষায় অংশ নেন রব্বানী।
পরীক্ষার্থী রাহাদুজ্জামান সুজনকে বহিষ্কার করা হয়েছে; তিনি খাদ্য বিভাগের আর কোনো পরীক্ষায় অংশ নিতে পারবেন না বলে জানান নির্বাহী হাকিম।
সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত রংপুরের ৪৬টি কেন্দ্রে মোট ৫০ হাজার ৭৭৫ পরীক্ষার্থীর জন্য খাদ্য অধিদপ্তরের চতুর্থ শ্রেণির উপ-খাদ্য পরিদর্শক পদে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
