১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নবাবগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

দুর্ঘটনা সময় বৃষ্টি হচ্ছিল এবং রাস্তাঘাট ফাঁকা থাকায় সিএনজিসহ চালক পালিয়ে গেছে।

নবাবগঞ্জে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
প্রতীকী ছবি

কেরানীগঞ্জ-দোহার-নবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2024, 04:29 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় অটোরিকশার সঙ্গে সংঘর্ষে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

নবাবগঞ্জ থানার গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই নাহিদ হাসান জানান, মঙ্গলবার সন্ধ্যার পর উপজেলার বেনুখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ৫৮ বছর বয়সী বাবুল হোসেন ওই উপজেলার আগলা ইউনিয়নের ছাতিয়া গ্রামের সামসুদ্দিন মাদবরের ছেলে এবং ওই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবেদ হোসেনের ছোট ভাই।

এ ঘটনায় আহত পুলক হৃদয় (২৫) নিহত বাবুলের ছেলে। তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহতের স্বজন ও স্থানীয়দের বরাতে এএসআই নাহিদ বলেন, “মঙ্গলবার সকালে ছেলের মোটরসাইকেলের পেছনে বসে ঢাকায় ডাক্তার দেখাতে যান বাবুল। ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী আটোরিকশার সঙ্গে সংঘর্ষ হলে ছিটকে পড়ে দুইজন গুরুতর আহত হন।  

“স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। রাতেই তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক বাবুলকে মৃত ঘোষণা করেন।” 

দুর্ঘটনা সময় বৃষ্টি হচ্ছিল এবং রাস্তাঘাট ফাঁকা থাকায় অটোরিকশার চালক পালিয়ে গেছে বলে জানান নাহিদ।    

তিনি বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কেউ এখনও অভিযোগ দেননি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।