ডাকাতিয়ায় গোসলে নেমে নিখোঁজ মাদ্রাসার ছাত্রের লাশ উদ্ধার
চাঁদপুরে নিখোঁজের ২১ ঘণ্টা পর ওই ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
চাঁদপুর সদর উপজেলায় ডাকাতিয়া নদীতে গোসলে নেমে নিখোঁজের ২১ ঘণ্টা পর এক মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
ঘটনার একদিন পর শনিবার সকালে থেকে দুপুর পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে মৃতদেহটি উদ্ধার করা হয় বলে জানান ফায়ার সার্ভিস চাঁদপুর নৌ ইউনিটের ইনচার্জ মুসলিম মিয়াজী।
নিহত রায়হান কবির (১২) শহরের আলিম পাড়ার মো. লোকমান হোসেনের ছেলে। সে নতুন বাজার আহমাদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
ফায়ার সার্ভিসের মুসলিম মিয়াজী বলেন, শুক্রবার বিকাল ৪টার দিকে রায়হান শহরের নতুন বাজার এলাকায় নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। তাকে খুঁজে না পেয়ে রাত ১২টার দিকে স্বজনরা ফায়ার সার্ভিসকে ঘটনাটি জানান।
পরে সকাল পৌনে ৮টা থেকে দুপুর ১২টা ৫০ মিনিট পর্যন্ত নদীতে তল্লাশি চালিয়ে ফায়ার ফাইটার (ডুবুরি) মাইনুল ইসলাম শিশুটিকে উদ্ধার করেন বলে জানান তিনি।
রায়হান কবিরের মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।
