Published : 17 Feb 2026, 11:40 PM
কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের বরগুনার বেতাগী উপজেলা কার্যালয় দীর্ঘদিন বন্ধ থাকার পর পুনরায় খুলে দিয়েছে ছাত্রলীগের নেতাকর্মীরা।
এ সংক্রান্ত একটি চার মিনিটের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ওই ভিডিওতে দেখা যায়, সোমবার সকাল ১০টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার ও সাবেক সাধারণ সম্পাদক মোস্তফা জামাল শামীম দলীয় কার্যালয়ের দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন।
এরপর তারা দেওয়ালে প্রথমে শেখ হাসিনা, এরপর বঙ্গবন্ধু শেখ মুজিবের ছবি টাঙিয়ে ফুলের মালা পরিয়ে দেয়। এরপর কার্যালয়ের প্রধান ফটকে সাইনবোর্ড টানাতেও দেখা যায় তাদের।
গত ২০২৪ সালের ৫ অগাস্ট থেকে বেতাগী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়টি তালাবদ্ধ ছিল।
উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিফাত সিকদার বলেন, “১৮ মাস দেশ একটি জঙ্গী গোষ্ঠির দখলে ছিল। আমাদের নেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন ধানমন্ডি ৩২সহ আমাদের স্থানীয় দলীয় কার্যালয়ে যাতায়াত শুরু করতে। তার নির্দেশ পেয়েই আমরা দলের উপজেলা কার্যালয়ে যাই এবং দলীয় প্রধান শেখ হাসিনা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং দলীয় কার্যালয়ের ব্যানার টানাই। ”
এ সময় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শামীম বলেন, “তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সক্রিয় রাখতে এবং সংগঠনকে শক্তিশালী করতে নিয়মিত সভা-সমাবেশ ও আলোচনা সভার আয়োজন করা হবে।”
উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও বেতাগী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মাকসুদুর রহমান ফোরকান বলেন, “আমাদের সঙ্গে আলোচনা করেই বেতাগী দলীয় কাযালয় নিয়ন্ত্রণে নেওয়া হয়। এতেদিন দেশে কোনো গণতান্ত্রিক সরকার ছিল না তাই দলীয় কাযালয় যেতে পারেনি নেতা কর্মীরা। এখন একটি গণতান্ত্রিক সরকার এসেছে, তাই দলীয় কার্যালয়ের তালা খুলে নিয়ন্ত্রণে নেওয়া হয়।”
এ বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বরগুনা জেলার সাবেক সমন্বয়ক মুহিত হাসান নিলয় বলেন, “আমরা পাঁচ তারিখের পূর্বে যাদের বিরুদ্ধে আন্দোলন করেছি তারা ১২ তারিখ নির্বাচনের পর হঠাৎ করে তারা তাদের সকল সংগঠনের কার্যক্রম চালু করতেছে। নিশ্চয়ই কারো আস্কারায় এ কার্যক্রম চালু করেছে তারা। এটা আমরা খতিয়ে দেখব।”
বিষয়টা নিয়ে ‘আতঙ্কিত’ থাকার কথা জানিয়ে তিনি বলেন, “আমরা এতদিনের আন্দোলনের একটা সফলতায় পৌঁছেছি। এখন একটা দল বা গোষ্ঠী ভোটের জন্য তাদের স্বার্থ হাসিলের জন্য এমন একটা কাজ করবে আমরা বুঝিনি। যেহেতু একটা সরকার গঠন হয়েছে আমরা তার অপেক্ষায় আছি দেখি তারা কি ভূমিকা নেয়।”
বেতাগী থানার ওসি মো. জুয়েল ইসলাম বলেন, “আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। তাদের নির্দেশনা পেলেই ব্যবস্থা নিব এবং যাদের নামে আগে মামলা চলমান আছে, তথ্য পেলেই তাদেরকে গ্রেপ্তার করা হবে।”