Published : 02 Feb 2025, 11:16 AM
নাটোরের সিংড়ায় ওসমান গণি নামে এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার পরে পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।
উপজেলার চৌগ্রাম পারুহারপাড়া এলাকায় শনিবার ভোরে এ ঘটনা ঘটে। বিকালে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে বলে জানান সিংড়া থানার ওসি মো. আসমাউল হক।
তবে উদ্ধার হওয়া অস্ত্র দিয়ে ওই ব্যবসায়ীর ওপর হামলা হয়েছে কি-না, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
গুলিবিদ্ধ ৫২ বছর বয়সী ওসমান গণি সিংড়ার চৌগ্রামের আব্দুল প্রামাণিকের ছেলে। তিনি পেশায় ধান-চাল ব্যবসায়ী। বর্তমানে তিনি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
স্থানীয়দের বরাতে ওসি বলেন, “শনিবার ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন ওসমান। পরে চৌগ্রাম পারুহারপাড়া এলাকায় মসজিদে পৌছানোর পরে সিড়িঁতে উঠতেই পেছন থেকে তাকে গুলি করা হয়। গুলিটি তার কোমরের পেছনে বাম পাশে লাগে।
“পরে ওসমানকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।”
এ ঘটনার বেলা ৩টার দিকে সেনাবাহিনীর সিংড়া ক্যাম্পের (১১ এসপি রেজিমেন্ট) একটি দল চৌগ্রামের পারুহারপাড়া এলাকার একটি পরিত্যক্ত টিনের ঘর থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন এবং ১ রাউন্ড গুলি উদ্ধার করে বলে ওসি আসমাউল হক জানান।
তিনি বলেন, “ওসমান গণি ওই উদ্ধার করা অস্ত্রেই গুলিবিদ্ধ হয়েছেন কি-না তা এখনও আমরা নিশ্চিত হতে পারিনি। আহতের শরীর থেকে বের করা গুলি, জব্দ করা গুলির সঙ্গে মিলিয়ে পরীক্ষা করা হবে। এরপর বিস্তারিত বলা যাবে।”
এ ঘটনায় জড়িতদের আটক করতে পুলিশ কাজ করছে বলে জানান ওসি।