Published : 09 Apr 2026, 01:44 PM
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক্টর চাপায় মোটরসাইকেল আরোহী এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের জোরালগঞ্জ সড়কের বাগধারা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কোম্পানীগঞ্জ থানার ওসি মো.নুরুল হাকিম।
নিহত আবু তাহের জাহাঙ্গীর (৪৮) দক্ষিণ মুছাপুর গ্রামের আবুল হাসেমের ছেলে। স্থানীয় চৌধুরীহাট বাজারে তার চা দোকান ছিল।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের বরাতে ওসি বলেন, সকালে পারিবারিক কাজে মোটরসাইকেলে স্থানীয় মৌলভী বাজারের দিকে যাচ্ছিলেন জাহাঙ্গীর। পথে বাগধারা বাজার এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক্টর পাশ থেকে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
এ সময় জাহাঙ্গীর পড়ে গেলে ট্রাক্টরের চাকা তার শরীরের ওপর দিয়ে চলে যায়।
স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কোম্পানীগঞ্জ থানার ওসি নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।