Published : 06 Jun 2026, 04:50 PM
গাইবান্ধার সাঘাটা উপজেলায় মধ্যরাতে বাড়ি থেকে তুলে নিয়ে ১৬ বছরের এক মেয়েকে দলবেঁধে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিন তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার ও তাদেরকে গ্রেপ্তার করা হয় বলে জানান সাঘাটা থানার পরিদর্শক (তদন্ত) পবিত্র কুমার।
এর আগে শুক্রবার মধ্যরাতে উপজেলার একটি গ্রাম থেকে ওই কিশোরীকে তুলে নিয়ে যাওয়া হয় বলে জানান তিনি।
গ্রেপ্তাররা হলেন- উপজেলার গাছাবাড়ী গ্রামের মধ্যপাড়ার বাসিন্দা লাবু হাসান (২০), একই এলাকার নিরব মিয়া (১৯) ও একই উপজেলার শিমুলতাইড় গ্রামের রহমত উল্যা প্রধান (১৯)।
পুলিশ ও ভুক্তভোগী নারী জানান, রাতে ১২টার দিকে বাড়ির উঠানে ওই কিশোরী মোবাইল ফোনে কথা বলছিল। এ সময় চারজন পেছন থেকে তার মুখ চেপে ধরে একটি বিলের পাশে নিয়ে যায়। সেখানে তাকে ধর্ষণ করা হয়।
এ সময় তার চিৎকার শুনে এলাকাবাসী ধাওয়া দিয়ে তিনজনকে আটক করলেও একজন পালিয়ে যায় বলে জানান পুলিশ পরিদর্শক পবিত্র কুমার।
এ ঘটনায় থানায় একটি মামলা করা হয়েছে বলে জানান তিনি।
গাইবান্ধার অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) শেখ মুত্তাজুল ইসলাম বলেন, “গ্রেপ্তাররা প্রাথমিকভাবে ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পালাতক যুবককে গ্রেপ্তারে অভিযান চলছে।”