১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

হামের উপসর্গ: ময়মনসিংহ মেডিকেলে আরও এক শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 01:00 PM

Updated : 11 Sep 2026, 03:18 PM

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে ১১ মাস বয়সি আরও এক শিশুর মৃত্যু হয়েছে। 

এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ৩৭ জনে দাঁড়িয়েছে। তবে আক্রান্তের সংখ্যা কিছুটা কমে আসার কথা জানিয়েছেন চিকিৎসক। 

সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার বিষয়টি নিশ্চিত করেন। 

মৃত শিশুটি টাঙ্গাইলের সদর উপজেলার মির্জাপুর গ্রামের বাসিন্দা। ১৩ মে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে রোববার বিকালে তার মৃত্যু হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৪ জন; এ সময় সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৮ জন। আর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে ৭৭ শিশু।

গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ১ হাজার ৫৯৩ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ৪৭৯ শিশু। 

হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ও সহযোগী অধ্যাপক মোহা. গোলাম মাওলা বলেন, “হামের টিকা কাজ শুরু করায় শিশুরা আক্রান্ত কম হচ্ছে। এতে হাসপাতালে ভর্তির চাপ কমতে শুরু করেছে।” 

তিনি বলেন, “যেসব শিশু এখনও মারা যাচ্ছে তারা হামের উপসর্গের পাশাপাশি অন্যান্য রোগেও আক্রান্ত।”