মাছ কিনতে বেরিয়ে প্রাণ গেল কভার্ড ভ্যান চাপায়
এ ঘটনায় কর্ভাড ভ্যানসহ চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিক্ষুব্ধ জনতা।
চাঁদপুরের ফরিদগঞ্জে কভার্ড ভ্যানের চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন।
এ ঘটনায় কর্ভাড ভ্যানসহ চালক ও তার সহযোগীকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক সড়কের ভাটিয়ালপুর চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে ফরিদগঞ্জ থানার ওসি মো. হেলাল উদ্দিন জানান।
নিহত ২০ বছর বয়সী রোমান ফরিদগঞ্জ পৌর এলাকার পূর্ব চরকুমিরা গ্রামের জমাদার বাড়ির মো. জসিম জমাদারের ছেলে।
আহতরা হলেন- চরকুমিরা গ্রামের রফিকুল হকের ছেলে ১৮ বছর বয়সী বাপ্পি ও আব্দুর রাজ্জাকের ছেলে ১৭ বছর বয়সী মো. সোহাগ। তারা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ বলছে, সকালে চরকুমিরা চিশতিয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের পরে ভাটিয়ালপুর চৌরাস্তায় মাছ কেনার জন্য হেঁটে রওনা দেন রোমান ও তার সঙ্গীরা। ভাটিয়ালপুর চৌরাস্তা সংলগ্ন শীতল পাটোয়ারি বাড়ির সামনে গেলে একটি কর্ভাড ভ্যান পেছন থেকে তাদের চাপা দেয়।
স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রোমানকে মৃত ঘোষণা করেন।
এ সময় বিক্ষুব্ধ জনতা কর্ভাড ভ্যানসহ চালক মো. ইমরান (২৬) ও তার সহযোগী মো. ইকরামকে (২৩) আটক করে ফরিদগঞ্জ থানায় হস্তান্তর করে।
ওসি মো. হেলাল উদ্দিন বলেন, আটক ইমরান ও ইকরাম সম্পর্কে ভাই। তাদের বাড়ি ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার উত্তমাবাদ গ্রামে। বাবার নাম আনসার হাওলাদার।
কভার্ড ভ্যান নিয়ে তারা চট্টগ্রাম থেকে চাঁদপুর হয়ে বরিশালে যাচ্ছিল বলে জানানে এ পুলিশ কর্মকর্তা।
ওসি বলেন, কভার্ড ভ্যানসহ চালক ও তার সহযোগী থানায় আটক রয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
