রাজবাড়ীতে ধরা পড়া ৩টি কাতল মাছ সোয়া লাখ টাকায় বিক্রি
সিলেটে বসবাসরত এক যুক্তরাজ্য প্রবাসীর কাছে তিনটি মাছই বিক্রি করেন দৌলতদিয়া মাছ বাজারের ব্যবসায়ী শাহজাহান শেখ।
রাজবাড়ীর পদ্মা ও যমুনা নদীর মোহনায় জেলের জালে ধরা পড়া তিনটি কাতল মাছ এক লাখ ১৬ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে। মাছগুলোর ওজন ২৫, ২০ ও ১৮ কেজি।
দৌলতদিয়া মাছ বাজারের ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, রোববার ভোরে স্থানীয় জেলে বাবু, আরিফ ও এরশাদ হলদার তাদের দল নিয়ে পদ্মা ও যমুনা নদীর মোহনায় বিভিন্ন এলাকায় জাল ফেলেন। তাদের জালে তিনটি বড় কাতল মাছ ধরা পড়ে।
সকালে মাছগুলো বিক্রির জন্য আড়তে আনলে দেখা যায়, বাবু হলদারের জালে ধরা পড়া মাছটির ওজন ২৫ কেজি, আরিফ হলদারের মাছটির ওজন ২০ কেজি ও এরশাদ হলদারের মাছটির ওজন ১৮ কেজি।
শাহজাহান বলেন, বাজারে উন্মুক্ত নিলামের মাধ্যমে ২৫ কেজির মাছটি ২ হাজার ১০০ টাকা কেজি দরে, ২০ কেজি ওজনের মাছটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে এবং ১৮ কেজি ওজনের কাতল ১ হাজার ৩০০ টাকা কেজি দরে তিনি কিনে নেন।
তিনি আরও বলেন, মাছগুলো কেনার পর মোবাইলে দেশের বিভিন্ন এলাকায় যোগাযোগ করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে কেজিতে ১০০ টাকা লাভে সিলেটে বসবাসরত এক লন্ডন প্রবাসীর কাছে তিনটি মাছই বিক্রি করেন।
ওই প্রবাসী ২৫ কেজির কাতলটি ৫৫ হাজার, ২০ কেজিরটি ৩৬ হাজার ও ১৮ কেজির মাছটি ২৫ হাজার ২০০ টাকায় কিনে নিয়েছেন বলে জানান এই মাছ ব্যবসায়ী।
