Published : 02 Sep 2026, 05:35 PM
মাগুরার শালিখায় পাঁচ বছর বয়সী এক শিশুকে যৌন হয়রানির চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শালিখা থানার ওসি আশিকুর রহমান বলেন, মঙ্গলবার শালিখা উপজেলার পোড়াগাছি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তির নাম কাশেম; বয়স ৩০ বছর।
পুলিশ ও স্থানীয়রা বলছে, শিশুটিকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ পেয়ে স্থানীয় এক ব্যক্তি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশকে বিষয়টি জানান। পরে শালিখা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযোগের বিষয়ে প্রাথমিকভাবে খোঁজ নেন। এরপর কাশেমকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
কাশেম একটি মিলে শ্রমিক হিসেবে কাজ করেন। ওই মিলে নারিকেল তেল উৎপাদন করা হয়। নারিকেলের খৈল নিতে বিভিন্ন বয়সী শিশুরা নিয়মিত ওই মিলে যাতায়াত করে। ভুক্কভোগী শিশুটিও খৈল নিতে সেখানে যেত।
স্থানীয়দের ভাষ্য, মঙ্গলবার শিশুটি খৈল নিতে মিলে গেলে কাশেম তাকে একা পেয়ে শ্লীলতাহানির চেষ্টা করেন।
বুধবার কাশেমকে মাগুরা আদালতে পাঠানো হয়েছে বলে শালিখা থানার ওসি আশিকুর রহমান জানান।