১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

বরিশালে প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ৫ শিক্ষার্থী

গরমে অভিভাবক ও শিক্ষকদের আরো সচেতন হওয়া দরকার বলে জানান বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা।

বরিশালে প্রচণ্ড গরমে শ্রেণিকক্ষে অসুস্থ ৫ শিক্ষার্থী
গরমে বরিশাল নগরীর জগদ্বীশ সারস্বত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2025, 03:02 PM

Updated : 26 Aug 2026, 09:31 AM

বরিশালে পৃথক তিন বিদ্যালয়ে তীব্র গরমে শ্রেণিকক্ষে পাঁচ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। 

সোমবার ক্লাস চলাকালীন সময়ে তারা অসুস্থ হয়ে পড়ে বলে শিক্ষকরা জানিয়েছেন। 

এর মধ্যে বরিশাল নগরীর দুই বিদ্যালয়ের চার ও বাকেরগঞ্জ উপজেলায় একটি বিদ্যালয়ে  এক শিক্ষার্থী রয়েছে। 

বরিশাল নগরীর জগদ্বীশ সারস্বত মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক কাওসার হোসেন বলেন, “বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ৪০/৫০ জন শিক্ষার্থী ক্লাস করছিল। দ্বিতীয় পিরিয়ডে পাঠদানের সময় বিদ্যুৎ ছিল না। এতে প্রচণ্ড গরমে তিন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। 

“এর মধ্যে তাসনিম নামে এক শিক্ষার্থী বেশি অসুস্থ হয়ে পড়েছিল। তাকেসহ তিনজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে অভিভাবকদের ডেকে বাসায় পাঠিয়ে দেয়া হয়।”

বরিশাল ব্রজমোহন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুমিন হাওলাদার বলেন, “স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী স্বর্না পঞ্চম পিরিয়ডে পাঠদানের সময় অসুস্থ হয়ে পড়ে। তখন অভিভাবকদের খবর দিয়ে তাকে বাসায় পাঠিয়ে দেওয়া হয়েছে।” 

বাকেরগঞ্জের বোয়ালিয়া জেএম মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক ইদ্রিসুর রহমান বলেন, “নবম শ্রেণির শিক্ষার্থী ফাতেমা আক্তার শর্মী ক্লাস চলাকালে অসুস্থ হয়ে পড়ে। পরে তাকে স্কুলের পাশে একটি ফার্মেসিতে নিয়ে চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।”

এ বিষয়ে বরিশাল জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এসব বিষয়ে কিছুই জানি না। গরমে অভিভাবক ও শিক্ষকদের আরো সচেতন হওয়া দরকার।”

বরিশাল আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক মো. বশির আহাম্মেদ জানান, সোমবার দুপুর ৩টায় জেলার তাপমাত্রা ৩৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।