Published : 18 Apr 2026, 01:37 PM
গোপালগঞ্জের মুকসুদপুরে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন দুইজন।
শুক্রবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের উপজেলার শান্তিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে মুকসুদপুর থানার ওসি আবদুল্লাহ আল মামুন জানান।
নিহত তামিম মাতুব্বর (৩০) মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কৃষ্ণপুর পাইকপাড়া গ্রামের সালাম মাতুব্বরের ছেলে।
ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, রাতে তামিম মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপার গ্রামের চড়ক মেলা ও উৎসব শেষে দুই বন্ধুকে নিয়ে মোটরসাইকেলে করে মাদারীপুরের নিজ গ্রামে ফিরছিলেন।
পথে শান্তিপুর এলাকায় টেকেরহাট এন্টারপ্রাইজের একটি বাসের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিন বন্ধু গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তামিমকে তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ সোহাগ শেখ বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে।
ওসি আবদুল্লাহ আল মামুন বলেন, আইনী প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ হস্তান্তর করা হবে। বাকী দুই আরোহী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে।