Published : 29 Sep 2025, 12:05 PM
পাবনার ভাঙ্গুড়ায় পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকার সঙ্গে উত্তরের রেল যোগাযোগ সাত ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার তদন্তে গঠন করা হয়েছে চার সদস্যের কমিটি।
সোমবার বেলা পৌনে ১১টার দিকে দুর্ঘটনাকবলিত ট্রেনটি উদ্ধারের পর রেল চলাচল শুরু হয়েছে বলে জানিয়েছেন রেলওয়ের পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার।
এর আগে ভোর ৪টার দিকে ভাঙ্গুড়া রেলওয়ে স্টেশনে ঢাকা থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুইটি বগির আটটি চাকা লাইনচ্যুত হয়।
ভাঙ্গুড়া থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। ঘটনার পর থেকে পুলিশ যাত্রীদের জান মালের নিরাপত্তা নিশ্চিত করেছে।

পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা হাসিনা খাতুন বলেন, রোববার রাত সাড়ে ১১টায় পঞ্চগড়গামী পঞ্চগড় এক্সপ্রেস (আপ) ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে আসে। ভোর ৪টার দিকে ট্রেনটি পাবনার ভাঙ্গুড়া রেলস্টেশনের কাছাকাছি পৌঁছালে বিকট শব্দে লোকোমোটিভ ইঞ্জিনসহ ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়।
পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার বলেন, ট্রেন লাইনচ্যুত হওয়ার পর ঈশ্বরদী লোকোমোটিভ ডিজেল কারখানা থেকে রেলওয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন সকাল ৭টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
“পরে দুর্ঘটনা কবলিত লোকোমোটিভ ইঞ্জিনসহ ট্রেনের দুই বগির আটটি চাকা উদ্ধার কাজ শুরু করে রেললাইন সচল করে। বেলা ১১টা থেকে এই রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ”

এদিকে এ ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছেন পাকশী বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) লিয়াকত শরীফ খান।
তিনি বলেন, পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যূত হওয়ার ঘটনায় পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (লোকো) ময়েন উদ্দিন সরদারকে আহ্বায়ক করে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন- পাকশী বিভাগীয় রেলওয়ের পরিবহন কর্মকর্তা (ডিটিও) হাসিনা খাতুন, পাকশী বিভাগীয় প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী বিভাগীয় সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী এম এম রাজিব বিল্লাহ।

ডিআরএম আরও বলেন, পঞ্চগড় এক্সপ্রেসের দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে রাজশাহী বা উত্তরবঙ্গের মধ্যে চলাচলকারী কয়েকটি যাত্রীবাহী আন্তঃনগর ও লোকাল ট্রেন বিভিন্ন স্টেশনে আটক পড়ে। এতে ভ্রমণপ্রিয় ট্রেন যাত্রীদের অনেকটা দুর্ভোগের মাঝে পড়তে হয়েছে। তাদের সাময়িক অসুবিধার কারণে আমরা দুঃখ প্রকাশ করছি।