Published : 09 Aug 2026, 07:52 PM
খাগড়াছড়িতে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপনের অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবি জানিয়েছেন বক্তারা।
দিবসটি উপলক্ষে রোববার সকালে জেলা শহরের চেঙ্গী স্কয়ার চত্বরের খোলা মঞ্চে নৃত্য পরিবেশন করে সাংস্কৃতিক মঞ্চের শিল্পীরা।
এ সময় তারা গান ও নৃত্যের মধ্য দিয়ে নিজস্ব সংস্কৃতি ও অধিকারের দাবি ফুটিয়ে তোলেন।
পরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন কমিটির উদ্যোগে চেঙ্গী স্কয়ার থেকে শুরু হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রাটি শহরের মারমা উন্নয়ন সংসদে গিয়ে শেষ হয়।
সেখানে উদযাপন কমিটির যুগ্ম আহ্বায়ক প্রীতিময় চাকমার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মাহমুদুল সুমন, পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সাংগঠনিক সম্পাদক সুধাকর ত্রিপুরা, লেখক ও গবেষক অনিম নওশাদ, বাংলাদেশ জনতা সংসদের সভাপতি মাহফুজুর রহমান শামীম, পানছড়ি উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান রত্না তঞ্চঙ্গ্যা।
সমাবেশে বক্তারা পাহাড় ও সমতলে বসবাসকারী জাতিগোষ্ঠীকে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি দেওয়ার দাবি জানান।
তারা অবিলম্বে পার্বত্য চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন, ভূমি অধিকার নিশ্চিত করা, পাহাড়ি নারী ও শিশুর অধিকার বাস্তবায়ন, পার্বত্য জেলা পরিষদগুলোতে নিয়োগ বাণিজ্য বন্ধের দাবি জানান।
সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত নারী-পুরুষ যোগ দেন।