১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

গরু চোরের পিছু ধাওয়া, পিকআপ ভ্যানের চাপায় শ্রমিক দল নেতা নিহত

মোটরসাইকেল রাস্তার ওপর আছড়ে পড়লে চালকসহ তিনজন আহত হন; পরে হাসপাতালে একজনের মৃত্যু হয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Oct 2025, 10:52 AM

Updated : 26 Aug 2026, 02:26 PM

বরিশালের উজিরপুরে গরু চোরদের ধরতে গিয়ে পিকআপ ভ্যান চাপায় মোটরসাইকেল চালক এক শ্রমিক দল নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

বুধবার ভোররাত ৩টার দিকে উপজেলার নতুন শিকারপুর ব্যাপারী বাড়ির সামনে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে উজিরপুর থানার ওসি মো. আব্দুস সালাম জানিয়েছেন।  

নিহত ২৪ বছর বয়সী মো. সাগর মোল্লা উজিরপুরের সাকরাল এলাকার মো. জাহাঙ্গীর মোল্লার ছেলে এবং বরাকোঠা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শ্রমিকদলের সহ-সভাপতি।

এ ঘটনায় আহত একই এলাকার বাসিন্দা ২৫ বছর বয়সী নাঈম হাওলাদার ও মো. কাওছার হাওলাদারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা বলছেন, বুধবার রাত আড়াইটার দিকে সাকরাল গ্রামের বাসিন্দা মো. আনিছ হাওলাদারের খামার থেকে বেশ কয়েকটি গরু চুরি করে পিকআপ ভ্যানে করে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল একদল চোর। তবে স্থানীয়রা বিষয়টি টের পেলে চোরেরা একটি গরু নিয়ে পালিয়ে যায়।

শিকারপুর এলাকার বাসিন্দা পিন্টু হাওলাদার বলেন, “শ্রমিকদল নেতা সাগর মোল্লা তার মোটরসাইকেল নিয়ে চোরের দলের পিকআপ ভ্যানের পিছু নেয়। ওই সময় সাগরের সঙ্গে নাঈম ও কাওছার মোটরসাইকেলে ছিলেন।

“ধাওয়া দিতে দিতে বরিশাল-ঢাকা মহাসড়কের নতুন শিকারপুর ব্যাপারী বাড়ির সামনে গেলে পিকআপ ভ্যানটি সাগরের মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়।”

তিনি বলেন, “ওই সময় মোটরসাইকেল রাস্তার ওপর আছড়ে পড়লে চালক সাগরসহ তিন আরোহীর সবাই গুরুতর আহত হয়। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে সাগরকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।”

এ ঘটনায় যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়ে ওসি আব্দুস সালাম বলেন, নিহত সাগরের স্বজনরা হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।