২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

সিলেট কারাগারে বন্দির ঝুলন্ত লাশ, কারারক্ষীসহ বরখাস্ত ৩

কারা কর্তৃপক্ষ জানায়, মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ইউনূস প্রায় ছয় মাস ধরে কারাগারে ছিলেন।

সিলেট কারাগারে বন্দির ঝুলন্ত লাশ, কারারক্ষীসহ বরখাস্ত ৩
সিলেট কেন্দ্রীয় কারাগার।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2024, 08:32 PM

Updated : 26 Aug 2026, 09:42 AM

সিলেট কেন্দ্রীয় কারাগারে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক বন্দির ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুই কারারক্ষীসহ তিনজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে নগরীর বাদাঘাট এলাকার কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন সিলেট বিভাগ কারা উপ মহাপরিদর্শক মো. ছগির মিয়া।

নিহত মো. ইউনূস আলী (২২) কোম্পানীগঞ্জ উপজেলার কলীবাড়ি গ্রামের বাসিন্দা। 

কারা উপ মহাপরিদর্শক ছগির বলেন, একটি মাদক মামলায় দুই বছরের সাজাপ্রাপ্ত ইউনূস প্রায় ছয় মাস ধরে কারাগারে ছিলেন। তিনি সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত ছিলেন; তার চিকিৎসা চলছিল। সোমবার কারাগারের একটি ওয়ার্ড থেকে ইউনূসের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

“ইউনূস নিজে গলায় ফাঁস লাগিয়ে মারা গেছেন বলে প্রাথমিকভাবে জানা যায়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”

ছগির বলেন, লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় কারাগারে দায়িত্বে অবহেলার অভিযোগে দুই কারারক্ষী ও একজন সহকারী হেড ওয়ার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানান তিনি।

কারা উপ মহাপরিদর্শক বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।