Published : 20 Aug 2026, 09:10 PM
বগুড়া সদরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি স্কুলবাস খাদে পড়ে শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে ১০ জন।
বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে শাখায়া ইউনিয়নের মাটিডালী-পীরগাছা সড়কের পল্লীমঙ্গল ইটভাটার কাছে এ দুর্ঘটনা ঘটে বলে বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী জানান।
নিহত কানিজ ফাতেমা ছোঁয়া (১৩) বগুড়া শহরের বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। সে সদর উপজেলার খামারকান্দি পশ্চিম পাড়া এলাকার শফিকুল ইসলামের মেয়ে।
বিট মডেল স্কুল অ্যান্ড কলেজের ইংরেজি বিভাগের সহকারী শিক্ষক অরূপ রতন বলেন, বগুড়া শহরের বিসিক এলাকায় প্রতিষ্ঠানটির অবস্থান। বিকাল পৌনে ৫টার দিকে স্কুল ছুটির পর পীরগাছা ও সাবগ্রামগামী শিক্ষার্থীদের নিয়ে বাসটি রওনা হয়। পল্লীমঙ্গল ইটভাটার কাছে একটি অটোরিকশাকে সাইড দিতে গিয়ে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই কানিজ ফাতেমা মারা যায়।
দুর্ঘটনার পর স্থানীয়দের সহায়তায় আহত শিক্ষার্থীদের টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে বাসের চালকের সহকারী একরামুল হক, শিক্ষার্থী সামিউল মাহি ও সিনথিয়া মিমির অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।
স্থানীয়রা বলেন, দুর্ঘটনাস্থলের পাশেই ইটভাটা রয়েছে। ইটভাটা থেকে আনা ইট সড়কের ওপর রেখে ভাঙ্গার কাজ চলছিল। এতে সড়কের একাংশ সংকুচিত হয়ে যানবাহন চলাচল এমনিতেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল।
দুর্ঘটনার খবর পেয়ে বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াজেদ আলী, সদর থানার ওসি ইব্রাহীম আলী ঘটনাস্থল পরিদর্শন করেন।
পরে জেলা প্রশাসক তৌফিকুর রহমান আহত শিক্ষার্থীদের সার্বিক খোঁজ-খবর নেন।
বগুড়া সদর থানার ওসি ইব্রাহীম আলী বলেন, শিক্ষার্থীর মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ঘটনার পরই চালক পালিয়ে গেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।