১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বান্দরবানে সবজিক্ষেতের জালে আটকা অজগর, সংরক্ষিত বনে অবমুক্ত

উদ্ধার করা অজগর সাপটি সুস্থ ছিল এবং লম্বায় প্রায় সাত ফুট লম্বা।

বান্দরবান প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2025, 04:20 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

বান্দরবানে আলীকদম উপজেলায় সবজিক্ষেতে দেওয়া জালে আটকা পড়া একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। প্রায় সাত ফুট লম্বা সাপটি পরে মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়েছে। 

রোববার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নয়াপাড়া ইউনিয়ন থেকে অজগর সাপটি উদ্ধার করা হয় বলে জানান লামা বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মুস্তাফিজুর রহমান। 

এ বন কর্মকর্তা বলেন, নয়াপাড়া ইউনিয়নের আব্বাস কারবারী পাড়া এলাকায় স্থানীয় কৃষকরা সবজিক্ষেতে কাজ করার সময় অজগর সাপটি দেখতে পান। ক্ষেতের চারপাশে দেওয়া জালের মধ্যে আটকে ছিল অজগরটি। 

খবর পেয়ে লামা বন বিভাগের একটি দল ঘটনাস্থলে গিয়ে সাপটি উদ্ধার করে।

উদ্ধার করা অজগর সাপটি সুস্থ ছিল এবং লম্বায় প্রায় সাত ফুট লম্বা। পরে পাশ্ববর্তী মাতামুহুরী সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদে সাপটি অবমুক্ত করা হয়েছে বলে জানান বনবিভাগের এ কর্মকর্তা।