Published : 06 Feb 2026, 06:08 PM
নারায়ণগঞ্জ শহরে একটি বিউটি পার্লারের টয়লেট থেকে এক নারী উদ্যোক্তার লাশ উদ্ধার করা হয়েছে; যিনি ১০ দিন ধরে নিখোঁজ ছিলেন। এ ঘটনায় ওই নারীর স্বামীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
শুক্রবার বিকালে শহরের আমলাপাড়া এলাকার ‘পরী বিউটি পার্লার অ্যান্ড ট্রেনিং সেন্টার’ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম।
নিহত ৩৮ বছর বয়সি কামরুন নাহার ইতি সদর উপজেলার এনায়েতনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মাসদাইর এলাকায় স্বামী আনোয়ার হোসেন সেন্টুর সঙ্গে বসবাস করতেন।
ওসি আব্দুল হালিম বলেন, ওই বিউটি পার্লারের মালিক ছিলেন ইতি। ২৭ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় তার ভাই মো. আলিফ ফতুল্লা মডেল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেছিলেন।
এদিন দুপুরে পার্লারের ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশের একটি দল দরজা ভেঙে টয়লেটের ভেতর থেকে ইতির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়।

তিনি বলেন, “নিহতের শরীরে কিছু আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ঘটনাটিকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হচ্ছে না। তবে কীভাবে মৃত্যু হয়েছে, তা ফরেনসিক এবং ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে।”
আমলাপাড়ার কেবি সাহা সড়কের তিনতলা ভবনের নিচতলায় বিউটি পার্লারটি। এ ভবনের মালিক আনিসুজ্জামান বলেন, পাঁচ মাস ধরে নিচতলার কক্ষটি ভাড়া নিয়ে পার্লার চালাচ্ছিলেন ইতি। জানুয়ারির শেষ দিকে কক্ষটি ছেড়ে দেওয়ার কথা ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না।
“আমি তার স্বামীকেও কল দিয়েছিলাম যে, কবে আসবেন, রুম ছাড়বেন কবে? কিন্তু কোনো সাড়া পাইনি। বৃহস্পতিবার রাত থেকেই ভাড়াটিয়ারা দুর্গন্ধ পাচ্ছিলেন। তখন আমি ইতির স্বজনদের খবর দেই, তারা পুলিশ নিয়ে আসেন”, বলেন তিনি।
ওসি আব্দুল হালিম বলেন, এ ঘটনায় নিহতের স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।