Published : 19 Jul 2026, 08:46 PM
ব্যবসায়ীদের টাকায় রাজনীতি করে যারা সংসদে যায়, তারা জনগণের কথা বলেন না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি-এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেছেন, “যারা ব্যবসায়ীদের টাকায় রাজনীতি করে সংসদে যায়, তারা জনগণের কথা বলে না, ব্যবসায়ীদের কথা বলে। যারা বালুখেকোদের টাকায় নির্বাচিত হয়, তারা কখনো বালুখেকোদের বিরুদ্ধে কথা বলবে না।”
রোববার বিকালে ঝালকাঠির রাজাপুর উপজেলার বাইপাস মোড়ে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ উপলক্ষে পথসভায় এসব বলেন তিনি।
জনগণের ভোটে নির্বাচিত প্রতিনিধিরা জনগণের কাছে জবাবদিহি করেন কিন্তু অর্থ ও প্রভাবের মাধ্যমে নির্বাচিতরা কখনো জনগণের স্বার্থ রক্ষা করেন না বলে মনে করেন হাসনাত আবদুল্লাহ।
তিনি বলেন, “জনগণ যাকে নির্বাচিত করবে, সেই জনপ্রতিনিধি জনগণকে ভয় পাবেন। আর যে ব্যক্তি টাকা ও সন্ত্রাসের মাধ্যমে নির্বাচিত হবেন, সে কখনো জনগণের কাছে জবাবদিহি করবেন না।”
নির্বাচনের আগে এনসিপি প্রতিশ্রুতি দিয়েছিল, জনগণ নির্বাচিত করলে সংসদে গিয়ে তাদের প্রতিনিধিত্ব করবে; এখন সেই প্রতিশ্রুতি কতটা বাস্তবায়ন হয়েছে, তার বিচার জনগণই করবেন বলে জানান হাসনাত।
শুধু সমস্যা নিয়ে কথা বললে হবে না, সমস্যা সমাধানে নাগরিকদেরও দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপি নেতা বলেন, দেশের স্বার্থে এবং রাষ্ট্র সংস্কারের প্রশ্নে সরকারের অপেক্ষায় না থেকে সবাইকে এগিয়ে আসতে হবে।
জুলাই আন্দোলনের প্রসঙ্গ টেনে হাসনাত আবদুল্লাহ বলেন, “সেই সময় বলা হয়েছিল আওয়ামী লীগের কোনও বিকল্প নেই। কিন্তু শিক্ষার্থী, পেশাজীবী, শ্রমজীবী, রিকশাচালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিজেরাই বিকল্প তৈরি করেছিলেন। সেই চেতনা ধরে রেখেই দেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে।”
সংসদে নিজের ভূমিকার কথা তুলে ধরে তিনি করেন, গত পাঁচ মাসে তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পাননি। ‘মিডিয়া মাফিয়া, ভূমিখেকো, ব্যাংক ডাকাত ও ভোট চোরদের’ বিরুদ্ধে সংসদে সরব রয়েছেন।
পথসভায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী হাসান জুনায়েদ, সরোয়ার তুষার, আরিফুর রহমান তুহিন এবং নারী শক্তির সদস্যসচিব ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য মাহামুদা আলম মিতুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা বক্তব্য দেন।