১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নড়াইলে মাদ্রাসা ছাত্রের মৃত্যুর পর তিন শিক্ষক আটক

অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান সাংবাদিকদের বলেন, হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

নড়াইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2026, 10:14 PM

Updated : 17 Sep 2026, 02:53 AM

নড়াইলে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিন শিক্ষককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। 

এ ঘটনায় পরিবার নির্যাতনের অভিযোগ আনলেও মাদ্রাসা কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।   

অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান সাংবাদিকদের বলেন, বুধবার বিকালে হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়। 

মৃত সুলায়মান ইসলাম (১২) সদর উপজেলার রামচন্দ্রপুর গ্রামের সৈয়দ ইকরাম আলির ছেলে।

শিশুটির বাবা সৈয়দ ইকরাম আলী বলেন, তার ছেলে আবাসিক মাদ্রাসায় থেকে পড়াশোনা করত। বুধবার সকালে জানানো হয়, সোলাইমান অসুস্থ। খবর পেয়ে আমরা মাদ্রাসায় গিয়ে সকাল সাড়ে ১০টার দিকে অসুস্থ ছেলেকে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে ভর্তি করি।

পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।

সৈয়দ ইকরাম আলী অভিযোগ করেন, “আমার ছেলে শিক্ষকদের নির্যাতনের কারণে অসুস্থ হয়ে মারা গেছে। আমি এর বিচার চাই।”

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নাজমুস শাহাদাৎ আল মামুন বলেন, “মাদ্রাসার কোনো শিক্ষক সুলাইমান নামের ওই ছাত্রকে কোনো প্রকার নির্যাতন করেননি। ডাক্তারি পরীক্ষায় নির্যাতনের  কোনো অভিযোগ পাওয়া গেলে এবং নির্যাতনের সঙ্গে আমাদের কেউ জড়িত থাকলে আইনানুযায়ী যে কোনো শাস্তি মেনে নেব।”  

অতিরিক্ত পুলিশ  সুপার  রকিবুল হাসান বলেন, ডাক্তারি প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মাদ্রাসার শিক্ষক ইউসুফ হায়দার (৩২), হাসিবুর রহমান (২৮) এবং ফাহাদ শেখকে (২৫) আটক করা হয়েছে। 

মরদেহ ময়নাতদন্তের জন্য নড়াইল সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান পুলিশ কর্মকর্তা।