Published : 18 Mar 2026, 07:10 PM
আদালতে সাক্ষ্য দেওয়াকে কেন্দ্র করে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার এক নারী ইউপি সদস্যের স্বামীকে হাতুড়িপেটা করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার রুপাপাত ইউনিয়নের তেতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান বোয়ালমারী থানার ওসি মো. আনোয়ার হোসেন।
আহত বিধান সাকারী (৫০) রূপাপাত ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের মহিলা সদস্য শ্যামলি সাকারীর স্বামী। তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।
আটকরা হলেন- প্রমথো বিশ্বাস (৬০), গোপাল মণ্ডল (৪৫), রতন বিশ্বাস (৬০), আনন্দ মণ্ডল (৬০), বাবুল মণ্ডল (৩৩) এবং ধন্য (২৯)।
পুলিশ জানায়, ওই ইউনিয়নের পূর্ব কদমী গ্রামের গফুর মোল্যার সঙ্গে পৌর মণ্ডল গংদের জমি সংক্রান্ত বিরোধ নিয়ে মামলা চলছে। এ মামলায় গফুর মোল্যার পক্ষে আদালতে সাক্ষ্য দেন বিধান সাকারী। এতে ক্ষিপ্ত হয়ে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় তাকে হুমকি দিয়ে আসছিল।
এদিন সকাল ৮টার দিকে তেতুলিয়া মোড়ে একটি চায়ের দোকানে বিধান সাকারীকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন তাকে ঘিরে ফেলে। পরে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে তার দুই পা ভেঙে দেওয়া হয়।
গুরুতর অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে ঢাকায় পাঠান বলে জানায় পুলিশ।
ওসি আনোয়ার হোসেন বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ছয়জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।