১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নওগাঁয় জমির বিরোধে বিএনপি নেতা খুন

হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে বলে ধারণা পুলিশের।

নওগাঁ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2025, 03:50 PM

Updated : 26 Aug 2026, 11:35 AM

নওগাঁর পোরশায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক বিএনপি নেতার প্রাণ গেছে। এ ঘটনায় আহত হয়েছেন তার ছোট ভাই।

উপজেলার নিতপুর ইউনিয়নের রনসদাবড় মৌজার কাঁকড়াদহ এলাকায় মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে বলে পোরশা থানার ওসি শাহিন রেজা জানান।

নিহত ৪০ বছর বয়সী মাইদুর রহমান পোরশার নিতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও নিতপুর ইউনিয়ন পরিষদের সদস্য ছিলেন। তিনি নিতপুর দিয়ারাপাড়ার আজাদ আলীর ছেলে।

তার মরদেহের ময়নাতদন্ত শেষে বুধবার সকালে নিতপুর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মাইদুরের ছোট ভাই কালাম হোসেনকে (৩০) হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এলাকাবাসীর বরাতে ওসি শাহিন বলেন, “বিরোধপূর্ণ আবাদি জমি মাপার জন্য মাইদুর ও তার ভাইয়েরা মঙ্গলবার বেলা ১টার দিকে নিতপুর ইউনিয়নের রনসদাবড় মৌজার কাঁকড়াদহ এলাকায় যান। সেখানে প্রতিপক্ষ আব্দুর রহিম ও তার লোকজনের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে মাইদুরের পাঁজরে ছুরিকাঘাত করা হয়।

“এ সময় ভাইকে বাঁচাতে কালাম এগিয়ে এলে তাকেও মারধর করে আব্দুর রহিম ও তার লোকজন পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে গুরুতর অবস্থায় মাইদুরকে উদ্ধার করে পোরশা হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

সীমান্তের কাছে এই ঘটনা সংঘটিত হওয়ায় হত্যাকারীরা ভারতে পালিয়ে গেছে বলে ধারণা এ পুলিশ কর্মকর্তার।

এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।