Published : 18 Jul 2025, 11:16 PM
বহিঃশক্তি ‘পতিত ফ্যাসিস্টদের’ নানাভাবে উসকানি দিয়ে ষড়যন্ত্র করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।
তিনি বলেছেন, “পাশের দেশসহ নানা শক্তি ওই পতিত ফ্যাসিস্টদের পৃষ্ঠপোষক। তারা ষড়যন্ত্র করেই চলেছে। আমাদের সেই ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। জুলাইয়ের আকাঙ্ক্ষায় আমাদের মধ্যে ন্যূনতম জাতীয় ঐক্য রক্ষা করতে হবে।”
শুক্রবার নারায়ণগঞ্জের চাষাঢ়ায় শহীদ মিনারে আয়োজিত গণসংহতি আন্দোলনের ‘সমাবেশ ও শহীদী মার্চ’ কর্মসূচিতে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “আমাদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা থাকবে, নির্বাচনে তা আরও বাড়বে। কিন্তু একটি যথাযথ রাজনৈতিক উত্তরণ এবং গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের মধ্যে ন্যূনতম ঐক্য রক্ষা করতে না পারলে ফ্যাসিস্টরা এই সুযোগ গ্রহণ করবে।”
ষড়যন্ত্রকারীদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান গণসংহতি আন্দোলনের এ শীর্ষ নেতা।
বাংলাদেশের রাজনীতির সংকট উত্তরণে জনগণের অংশগ্রহণমূলক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন গণতন্ত্র প্রতিষ্ঠার আহ্বানও জানান তিনি।
জোনায়েদ সাকি বলেন, “জুলাই আমাদের কয়েকটি বিষয়ে রায় দিয়ে গেছে। জুলাই শহীদরা সারাদেশের মানুষদের এক সুতায় গেঁথেছিল। এর বদলে আমরা বৈষম্যহীন আর অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ চাই।”
দলটির জেলা কমিটির সমন্বয়কারী তরিকুল সুজন সমাবেশে সভাপতিত্ব করেন।
নির্বাহী সমন্বয়কারী অঞ্জন দাসের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ মহানগরের সমন্বয়কারী বিপ্লব খান, নির্বাহী সমন্বয়কারী পপি রাণী সরকার, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, প্রচার সম্পাদক শুভ দেব, সিদ্ধিরগঞ্জ থানার যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফারহানা মানিক মুনা, গার্মেন্ট শ্রমিক সংহতির জেলা আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন।
সমাবেশের আগে গণঅভ্যুত্থানে নারায়ণগঞ্জে শহীদ ৫৪ জনের ছবি সম্বলিত একটি মিছিল নারায়ণগঞ্জ শহর প্রদক্ষিণ করে।