২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭ আশ্বিন ১৪৩৩

বই দেখে পরীক্ষা, ভিডিও করায় দুই সাংবাদিককে মারধরের অভিযোগ

মোবাইল ফোন ও সাংবাদিকতার সরঞ্জাম নিয়ে তাদের একটি কক্ষে আটকে রাখারও অভিযোগ রয়েছে।

মেহেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2026, 09:16 PM

Updated : 19 Sep 2026, 02:27 PM

মেহেরপুরের গাংনী উপজেলায় পরীক্ষার হলে বই দেখে লিখছিলেন কয়েকজন পরীক্ষার্থী। তা ভিডিও করতে গেলে দুই সাংবাদিককে মারধর, তাদের মোবাইল ফোন ও সাংবাদিকতার সরঞ্জাম ছিনিয়ে নিয়ে একটি কক্ষে আটকে রাখার অভিযোগ ওঠেছে।

শুক্রবার উপজেলার কাজিপুর ডিগ্রি কলেজে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি প্রথম বর্ষের ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা চলার সময় এ ঘটনা ঘটে বলে জানান গাংনী থানার ওসি মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী।

এ ঘটনায় শনিবার কলেজের সহযোগী অধ্যাপক রফিকুজ্জামান ও মনিরুজ্জামানকে আসামি করে এবং অজ্ঞাত আরও ৮-১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। নাগরিক টিভি ও বাংলাদেশ বেতারের মেহেরপুর জেলা প্রতিনিধি রাব্বী আহমেদ মামলাটি করেন।

রাব্বী আহমেদ বলেন, পরীক্ষা চলার সময় কলেজ কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তিনি এবং দৈনিক খবরের কাগজের জেলা প্রতিনিধি তারিক পরীক্ষা হলে যান। সেখানে কয়েকজন পরীক্ষার্থীকে বই খুলে পরীক্ষা দিতে দেখেন তারা।

রাব্বীর দাবি, ৫০০ টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের বই দেখে পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে- এমন তথ্য পেয়ে তারা সেখানে গিয়েছিলেন। পরীক্ষার হলের ভিডিও করতে গেলে শিক্ষক মনিরুজ্জামান বিপ্লব ও রফিকুজ্জামানসহ ৮-১০ জন তাদের ওপর হামলা চালান বলে অভিযোগ করেন তিনি।

অপর সাংবাদিক তারিক বলেন, “পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখি, পরীক্ষার্থীরা বই খুলে পরীক্ষা দিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে দুই শিক্ষক আমাদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা আমাদের ওপর হামলা চালান।”

তারিকের অভিযোগ, এ সময় তাদের দুটি মোবাইল ফোন ও নাগরিক টেলিভিশনের মাইক্রোফোন নিয়ে নেওয়া হয়। পরে তাদের একটি কক্ষে আটকে রাখা হয়। সেখান থেকে বের হয়ে তারা গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।

গাংনী থানার ওসি মো. মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী বলেন, এ ঘটনায় মামলা হয়েছে।

তিনি বলেন, “ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হবে। সাংবাদিকদের আটকে রাখা এবং তাদের মোবাইল ও সরঞ্জাম নেওয়ার ঘটনায় যারাই জড়িত থাকুক, তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”

হামলার পর চিকিৎসা নেন ওই দুই সাংবাদিক।

হামলার পর চিকিৎসা নেন ওই দুই সাংবাদিক।

গাংনী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা বলেন, ওই কলেজের শিক্ষকদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে পরীক্ষায় নকলের সুযোগ দেওয়ার অভিযোগ রয়েছে।

টাকার বিনিময়ে নকলের সুযোগ দেওয়ার অভিযোগ পেয়ে দুই সাংবাদিক সেখানে সংবাদ সংগ্রহ ও ভিডিও করতে গেলে তাদের ওপর হামলা এবং সরঞ্জাম নিয়ে নেওয়া হয় বলে দাবি করেন তিনি।

হামলার অভিযোগের বিষয়ে কলেজের শিক্ষক মনিরুজ্জামান বিপ্লব ও রফিকুজ্জামানের বক্তব্য জানতে একাধিকবার মোবাইলে কল করা হলেও তারা ফোন ধরেনি।