Published : 13 Dec 2025, 09:35 AM
নোয়াখালীতে আগুনে টার্মিনালে রাখা একটি বাসের কিছু আসন পুড়ে গেছে।
শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলার সোনাপুর বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় সোনাপুর বাস টার্মিনালের উত্তর দিকে সড়কের পাশে সুবর্ণ সুপার দ্রুতযান সার্ভিস পরিবহনের একটি বাস পার্কিং করে বাইরে যান চালক ও তার সহকারী। রাত পৌনে ১০টার দিকে সড়কের পাশ দিয়ে যাওয়ার সময় সিএনজি চালিত অটোরিকশার যাত্রীরা বাসটিতে আগুন জ্বলতে দেখেন। পরে স্থানীয় লোকজন পানি দিয়ে বাসের আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে বাসের কয়েকটি সিট পুড়ে গেছে।
সুধারাম থানার ওসি মোহাম্মদ তৌহিদুল ইসলাম বলেন, “চালকের সহকারীরা বাসের ভেতরে ঘুমানোর জন্য মশার কয়েল জ্বালিয়ে রেখে বাইরে খাবার খেতে যান।
“কয়েল থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে বাসের ৪/৫টি আসন পুড়ে গেছে।”