Published : 21 Jul 2026, 04:12 PM
বগুড়ার শাজাহানপুরে মাদক নিয়ে বিরোধকে কেন্দ্র করে এক ব্যক্তিকে অপহরণের চেষ্টার সময় হামলাকারীদের ছুরিকাঘাতে তাকে উদ্ধার করতে যাওয়া তার দুলাভাই নিহত হয়েছেন।
মঙ্গলবার শাজাহানপুর থানার ওসি আশিক ইকবাল জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের জরজিসের ইটভাটা সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ৫০ বছর বয়সী মো. রঞ্জু মিয়া খোট্টাপাড়া ইউনিয়নের ঘাষিড়া গ্রামের ফজলাল মিয়ার ছেলে।
এ ঘটনায় তার ছেলে মো. জুবায়ের (২৫) ও শ্যালক খোরশেদ আলম (৪০) আহত হয়েছেন। আহত দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি আশিক ইকবাল বলেন, রাতে ইটভাটার ভেতরে মাদক সংক্রান্ত একটি বিষয়কে কেন্দ্র করে খোরশেদ আলমের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন তার ওপর হামলা চালিয়ে তাকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে খোরশেদকে রক্ষা করতে তার দুলাভাই রঞ্জু মিয়া ও ভাগনে মো. জুবায়ের এগিয়ে যান।
“এ সময় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তিনজনের ওপর এলোপাতাড়ি হামলা চালায়। এতে রঞ্জু মিয়া গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ‘অতিরিক্ত রক্তক্ষরণে’ ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।”
হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে এ পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
তিনি বলেন, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।