১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘গুম-খুন’ না চাইলে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিন: সাখাওয়াত হোসেন

“গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে, আপনারা অতীতে যে অরাজকতা দেখে আসছেন তা আর থাকবে না।”

‘গুম-খুন’ না চাইলে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দিন: সাখাওয়াত হোসেন
ঠাকুরগাঁওয়ে গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2026, 04:28 PM

Updated : 26 Aug 2026, 05:36 PM

আগের মতো ‘গুম-খুন’ না চাইলে গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন।

তিনি বলেছেন, “দেশের পরিবর্তন চাইলে ও আগের মতো ‘গুম-খুন’ না চাইলে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেবেন। এরকম সুযোগ বা চান্স সব সময় পাবেন না।”

বুধবার দুপুরে ঠাকুরগাঁও জেলা শহরের মির্জা রুহুল আমিন মিলনায়তনে গণভোট ও সংসদ নির্বাচন নিয়ে নাগরিকদের সচেতনতা বৃদ্ধি ও গণতান্ত্রিক অংশগ্রহণ নিশ্চিত করতে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। 

সাখাওয়াত হোসেন বলেন, “গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে, আপনারা অতীতে যে অরাজকতা দেখে আসছেন তা আর থাকবে না। আপনাকে কেউ গুম করবে না কথা বলার জন্য। 

“এখন আপনি যেভাবে কথা বলতে পারছেন, ভবিষ্যতেও যেন সেভাবে কথা বলতে পারেন এবং ভবিষ্যতে যারা ক্ষমতায় আসবেন, তারা যেন নিজেদেরকে ‘লাটবাহাদুর’ মনে না করেন। এ ছাড়া বাকি অন্য পরিবর্তনসহ দ্বিকক্ষ করার ব্যবস্থা করা হয়েছে।”

নির্বাচিত সরকার যেভাবে দেশ পরিচালনা করতে পারেন অন্তর্বর্তী সরকার সেভাবে দেশ পরিচালনা করতে পারেন না জানিয়ে তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের কোনো এমপি নাই, মন্ত্রী নাই, উপজেলা চেয়ারম্যান নাই, আমাদের সরাসরি কাজ করতে হয়।

“কাজেই দেশ পরিচালনার জন্য যে ধরনের কাঠামো প্রয়োজন, সেই কাঠামোর জন্য এই নির্বাচন করা। তাই আমরা চাই সুষ্ঠু নির্বাচন হোক।”

ভোটের জন্য অনেক মানুষ প্রাণ দিয়েছেন জানিয়ে সাখাওয়াত হোসেন বলেন, “আমি দেখেছি, আগের নির্বাচনগুলোকে টুইস্ট করা হয়েছে। কোথাও না কোথাও কারচুপি করা হয়েছে। তাই আমরা আগের মতো কোনো নির্বাচন হতে দেব না। আর হবে না বলেও আমি বিশ্বাস করি।

“গণভোট শুধু একটি নির্বাচন নয়, এটি দেশের ভবিষ্যৎ নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। ‘দেশের চাবি আপনার হাতে’ এ বার্তাকে সামনে রেখে প্রত্যেক নাগরিককে ভোটাধিকার প্রয়োগে উদ্বুদ্ধ হতে হবে।”

অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে সব শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা চেয়েছেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। 

মতবিনিময় সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

সভায় গণভোটের গুরুত্ব, ভোটার উপস্থিতি বাড়ানো, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজন এবং অপপ্রচার রোধে করণীয় নিয়ে আলোচনা করা হয়।