১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

নরসিংদীতে অবৈধ সিসা তৈরির কারখানা ভাঙল পরিবেশ অধিদপ্তর

চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের নিমারটেক এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 May 2026, 10:21 PM

Updated : 26 Aug 2026, 03:37 PM

নরসিংদীর শিবপুর উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সীসা তৈরির কারখানায় উচ্ছেদ অভিযান চালিয়েছে পরিবেশ অধিদপ্তর।

বৃহস্পতিবার দুপুর থেকে বিকাল পর্যন্ত উপজেলার চক্রধা ইউনিয়নের বৈলাব গ্রামের নিমারটেক এলাকায় এই অভিযান পরিচালিত হয় বলে পরিবেশ অধিদপ্তর নরসিংদীর উপ-পরিচালক মো. বদরুল হুদা জানান।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তরের নির্বাহী হাকিম মো. রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। কারখানাটি কোনো প্রকার পরিবেশগত ছাড়পত্র বা সরকারি অনুমোদন ছাড়াই সম্পূর্ণ অবৈধভাবে সীসা তৈরি করে আসছিল। 

এ সময় কারখানাটির বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়াসহ অবকাঠামো ভেঙে ফেলা হয় এবং সীসার চুলার আগুন নিভিয়ে সীসা গলানোর কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল ও সরঞ্জাম ধ্বংস করা হয়।

অভিযানকালে মালিকপক্ষকে ঘটনাস্থলে না পাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে আটক বা জরিমানা করা সম্ভব হয়নি। তবে কারখানাটি যাতে ভবিষ্যতে আর কোনোভাবেই কার্যক্রম পরিচালনা করতে না পারে, সেজন্য উৎপাদনের সব উপকরণ পুরোপুরি বিনষ্ট করা হয়েছে।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয়ের পরিদর্শক সমর কৃষ্ণ দাস ও আরিফা বেগম উপস্থিত ছিলেন।