২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

ফজলুর রহমানকে হত্যার হুমকি ও মবের প্রতিবাদে কিশোরগঞ্জে বিক্ষোভ

কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অষ্টগ্রামের জামতলি মোড়ে গিয়ে শেষ হয়।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Aug 2025, 09:23 PM

Updated : 26 Aug 2026, 02:11 PM

বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে হত্যার হুমকি এবং বাসার সামনে ‘মবের’ প্রতিবাদে কিশোরগঞ্জের অষ্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার দুপুরে অষ্টগ্রাম উপজেলা সদরের পরিষদ মাঠ থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যানারে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়। কয়েক হাজার নেতা-কর্মীর অংশগ্রহণে মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জামতলি মোড়ে গিয়ে শেষ হয়। 

মিছিলে অংশগ্রহণকারী নেতা-কর্মীরা ‘মুক্তিযুদ্ধের ফজলু ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘মুক্তিযুদ্ধের শত্রুরা, হুঁশিয়ার সাবধান’, ‘ফজলু ভাইয়ের কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘ফজলু ভাইয়ের ভয় নাই, আমরা আছি তোমার পাশে’- এ ধরনের স্লোগান দেন। 

পরে সমাবেশে বক্তারা বলেন, ফজলুর রহমান একজন সাহসী মুক্তিযোদ্ধা এবং বিএনপির দুর্দিনের কাণ্ডারি। ৫ অগাস্টের পর থেকে জামায়াতে ইসলামী ও এনসিপির পক্ষ থেকে একাত্তর ও মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্য আসতে থাকে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে ফজলুর রহমান এসব দেখে চুপ থাকতে পারেননি। এরপর থেকেই একটি স্বাধীনতাবিরোধী চক্র এবং এনসিপি তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়, বিভ্রান্তি ছড়ায় এবং অপপ্রচার চালায়।

বক্তারা অভিযোগ করেন, এই ষড়যন্ত্রের অংশ হিসেবেই তাকে এখন হত্যার হুমকি দেওয়া হচ্ছে। তারা অবিলম্বে এসবে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বক্তারা হুঁশিয়ার করে বলেন, সরকার যদি এ বিষয়ে ব্যবস্থা না নেয়, তাহলে প্রয়োজন হলে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে ঢাকা অভিমুখে মার্চ করা হবে।

সমাবেশে বক্তব্য দেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সহসভাপতি জাকির হোসেন সাফি, সাংগঠনিক সম্পাদক এস এম শাহীন, যুবদলের সভাপতি আনোয়ার হোসেন আনার, সাধারণ সম্পাদক আলী রহমান খান, ছাত্রদলের সাবেক সভাপতি এস এম জাভেদ, আহ্বায়ক তিতুমির হোসেন সোহেল, সদস্যসচিব আল মাহমুদ মোস্তাক।