পটুয়াখালীতে নারীকে উত্ত্যক্তের মামলায় বিএনপি নেতা কারাগারে
বিএনপি নেতা ও ইউপি সদস্য আমিনুল ইসলাম বারেককে শিকল দিয়ে বেঁধে রাখার একটি ভিডিও ছড়িয়েছে।
পটুয়াখালীর দুমকি উপজেলায় গৃহবধূকে মোবাইল ফোনে উত্ত্যক্ত করার অভিযোগে এক বিএনপি নেতাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।
দুমকি থানার ওসি সেলিম উদ্দিন বলেন, মঙ্গলবার সকালে ভুক্তভোগী নারী মামলা করেছেন। সোমবার রাতে বিএনপি নেতাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।
গ্রেপ্তার আমিনুল ইসলাম বারেক পাঙ্গাশিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এবং ইউপি সদস্য।
মামলার বরাতে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে আমিনুল ইসলাম বারেক ওই নারীকে ফোনে উত্ত্যক্ত করে আসছিলেন। ঘটনার রাতে তিনি নারীকে ঘরের পেছনের বাথরুমের কাছে আসতে বলেন। বাথরুমের পাশে শব্দ পেয়ে স্বজনরা টর্চের আলো ফেললে বারেককে দেখতে পান। পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় তিনি একটি কাদাযুক্ত গর্তে পড়ে গেলে তাকে ধরে ফেলে এলাকাবাসী।
পরে উত্তেজিত জনতা তাকে শিকল দিয়ে বেঁধে রাখে। শিকল পরা অবস্থায় তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়েছে।
এ বিষয়ে দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান বলেন, “বারেক সাতবারের নির্বাচিত ইউপি সদস্য। নির্বাচনের আগে স্থানীয় দ্বন্দ্বের কারণে ঘটনাটি ষড়যন্ত্রমূলক হতে পারে। তবে বিষয়টি খতিয়ে দেখে তার বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হবে।”
