রাজবাড়ীতে বজ্রপাতে নারী ও কিশোরের মৃত্যু, আহত ৪
বিকালে গ্রামের কয়েকজন বিলের মাঠে পাট ধোয়ার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়।
রাজবাড়ীর পাংশায় পাট ধোয়ার সময় বজ্রপাতে এক নারী ও এক কিশোরের মৃত্যু হয়েছে। উপজেলায় বজ্রপাতে আহত হয়েছেন চারজন।
শনিবার বিকালে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারিপাড়া গ্রামে দুজন নিহতের এ ঘটনা ঘটে বলে জানান পাংশা উপজেলা নিবাহী কর্মকর্তা (ইউএনও) এস এম আবু দারদা।
নিহতরা হলেন, ওই গ্রামের নিজামউদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) ও মৃত আরিফ মোল্লার ছেলে তামিম মোল্লা (১৫)।
এ সময় আহত হয়েছেন, কাচারিপাড়া গ্রামের সৌরভ, আজিম, হোসাইন এবং বাবুপাড়া ইউনিয়নের চাদপুর গ্রামের জবেদা বেগম।
স্থানীয়দের বরাতে ইউএনও আবু দারদা বলেন, বিকালে গ্রামের কয়েকজন বিলের মাঠে পাট ধোয়ার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে বজ্রপাতে তামিম ও আনোয়ারা বেগমসহ আরও তিনজন গুরুতর আহত হয়। তাৎক্ষণিক স্থানীরা তাদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
এদিকে বিকালে বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামে রান্না করার সময় বজ্রঘাতে আহত হয়েছেন জবেদা বেগম।
এস এম আবু দারদা বলেন, বজ্রপাতে নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।
