২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

ইজারা পদ্ধতিতে বন্ধ পাটকল চালুর পরিকল্পনা: প্রতিমন্ত্রী

প্রতিমন্ত্রী জানান, বর্তমানে পাটের দাম প্রতি মণ প্রায় পাঁচ হাজার টাকা, যা আগে ছিল প্রায় তিন হাজার টাকা।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2026, 06:03 PM

Updated : 26 Aug 2026, 03:27 PM

নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়নে বন্ধ থাকা পাটকলগুলো ইজারার মাধ্যমে পুনরায় চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।

মঙ্গলবার সকালে নরসিংদীর পলাশে কো-অপারেটিভ জুট মিলস ও বাংলাদেশ জুট মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, বন্ধ থাকা কয়েকটি পাটকল ইজারায় দেওয়ার জন্য বিজ্ঞপ্তি প্রকাশ এবং মূল্যায়ন প্রক্রিয়া চলছে। এসব মিল চালু হলে স্থানীয় কর্মসংস্থান বাড়বে এবং উৎপাদন কার্যক্রমে গতি আসবে।

তিনি বলেন, পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) বা বেসরকারি উদ্যোক্তাদের মাধ্যমে মিলগুলো পরিচালনার পরিকল্পনা রয়েছে। দেশি-বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণের মাধ্যমে শিল্পাঞ্চলগুলোকে আবার সচল করার উদ্যোগ নেওয়া হয়েছে।

মো. শরীফুল আলম বলেন, একসময় নরসিংদীর এসব পাটকল এলাকায় হাজারো মানুষের কর্মসংস্থান ছিল। মিলগুলো চালু হলে স্থানীয়দের অগ্রাধিকার দিয়ে নিয়োগ দেওয়া হবে। তবে কারিগরি বা বিশেষজ্ঞ পদে প্রয়োজন অনুযায়ী বাইরের লোক নিয়োগ দেওয়া হতে পারে।

তিনি বলেন, ‘সোনালি আঁশ’ খাতের উন্নয়নে পাট বীজের মানোন্নয়ন ও গবেষণায় জোর দেওয়া হচ্ছে। এ ক্ষেত্রে বাংলাদেশ জুট রিসার্চ ইনস্টিটিউটের সঙ্গে কাজ চলছে। পাশাপাশি পাটচাষিদের ন্যায্য মূল্য নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে পাটের দাম প্রতি মণ প্রায় পাঁচ হাজার টাকা, যা আগে ছিল প্রায় তিন হাজার টাকা।

পরিদর্শনকালে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, যুগ্ম সচিব হাফসা বেগম, উপসচিব সাইফুল ইসলাম আজাদ ও শাহাদাৎ হোসেন কবির এবং বিজেএমসির চেয়ারম্যান কবির উদ্দিন শিকদার উপস্থিত ছিলেন।