Published : 11 Apr 2026, 01:27 PM
পাবনার ভাঙ্গুড়া উপজেলায় একটি সড়কের সংস্কার কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ উঠেছে। এলাকাবাসীর দাবি, পোড়া ও নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করছে ঠিকাদারি প্রতিষ্ঠান।
স্থানীয়দের প্রতিবাদের পর পরিদর্শনে গিয়ে কাজে অনিয়মের প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন এলজিইডির সিরাজগঞ্জ-পাবনা অঞ্চলের ডেপুটি ডিরেক্টর মমিন মজিবুল হক।
শুক্রবার তিনি বলেন, “নিম্নমানের খোয়া সরিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। মানসম্মত উপকরণ ছাড়া কাজ করা যাবে না।”
২০২৫-২৬ অর্থবছরে উপজেলা এলজিইডির অধীনে গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ প্রকল্পের আওতায় ভেড়ামারা বাজার থেকে হাটগ্রাম পর্যন্ত ৩ হাজার ৫৭৬ মিটার সড়ক সংস্কারের কাজ শুরু হয়। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছে ৩ কোটি ৩২ লাখ ৯৭ হাজার ৫৪৮ টাকা।
কাজটি পায় কুষ্টিয়ার ‘সৈকত এন্টারপ্রাইজ’ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে বর্তমানে পাবনার একটি সাব-ঠিকাদারি প্রতিষ্ঠান কাজটি পরিচালনা করছে।

আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।
এ বিষয়ে সাব-ঠিকাদার রুবেল হোসেনের সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। ফলে ঠিকাদারি প্রতিষ্ঠানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
ভাঙ্গুড়া উপজেলা এলজিইডির প্রকৌশলী মো. রবিউল ইসলাম বলেন, নির্বাহী প্রকৌশলীর মৌখিক নির্দেশনায় কাজ শুরু হলেও তারা এখনও আনুষ্ঠানিকভাবে কার্যাদেশ (ওয়ার্ক অর্ডার) পাননি।
তবে ডেপুটি ডিরেক্টরের চিহ্নিত ত্রুটিগুলো সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।