Published : 06 Jun 2026, 09:21 PM
বগুড়া শহরে একটি আবাসিক হোটেলের দরজা ভেঙে সাবেক এক ইউপি সদস্যের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার দুপুরে শহরের চারমাথায় অবস্থিত ‘সেঞ্চুরি মোটেলের’ ৬১০ নম্বর কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান বগুড়া সদর থানার তদন্ত কর্মকর্তা মাহফুজ আলম।
মৃত বিপুল চন্দ্র পাল (৪৮) সদর উপজেলার এরুলিয়া ইউনিয়নের পালপাড়া এলাকার প্রয়াত জিতেন্দ্র নাথ পালের ছেলে। তিনি দুই বারের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন।
পুলিশ ও হোটেল থেকে জানা গেছে, শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে বিপুল ওই হোটেলের একটি কক্ষ ভাড়া নেন। দুপুরে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও তিনি বের না হওয়ায় হোটেল কর্তৃপক্ষ খোঁজ নিতে যায়।
এ সময় কক্ষের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পেয়ে সন্দেহ হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষের দরজা ভেঙে লাশ উদ্ধার করে।
হোটেলের রিসেপশনে দায়িত্বরত কর্মচারী মো. এনামুল হক বলেন, রাত্রিযাপনের জন্য তিনি কক্ষটি ভাড়া নিয়েছিলেন। দুপুরে চেক আউটের সময় পার হয়ে গেলেও কোনো সাড়া না পাওয়ায় বিষয়টি পুলিশকে জানানো হয়।
সদর থানার উপশহর পুলিশ ফাঁড়ির ওসি জালাল উদ্দীন বলেন, “কক্ষটিতে যৌন উত্তেজক একটি ট্যাবলেট পাওয়া যায়। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।”
তিনি বলেন, সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্তের জন্য লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।