২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

সাবেক সচিব কবির বিন আনোয়ারের বিরুদ্ধে মামলা

বুধবার সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার চর নূরনগর গ্রামের ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে আদালতে মামলাটি করেন।

সিরাজগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2024, 07:18 PM

Updated : 26 Aug 2026, 10:35 AM

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় উন্নয়ন প্রকল্পের নামে জোর করে দরিদ্র কৃষকদের জমির ফসল নষ্ট করার অভিযোগে সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারসহ আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। 

বুধবার দুপুরে উপজেলার চর নূরনগর গ্রামের ভুক্তভোগী কৃষক শহিদুল ইসলাম বাদী হয়ে কামারখন্দ আমলি আদালতে মামলাটি করেন। মামলায় ৭০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ২৫ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে। 

বাদীর আইনজীবী নাজমুল ইসলাম সাংবাদিকদের বলেন, “বিচারক ওমর ফারুক রবি মামলাটি আমলে নিয়ে সংশ্লিষ্ট থানা পুলিশকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।” 

মামলার এজাহারে উল্লেখ করা হয়, ২০২২ সালের জানুয়ারিতে অর্ধশতাধিক কৃষক উদয় কৃষ্ণপুর মৌজায় প্রায় ৯৭ বিঘা জমিতে সরিষার আবাদ করেছিলেন। এ অবস্থায় কবির বিন আনোয়ারের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা সরকারি কর্মকর্তাদের সঙ্গে যোগসাজসে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের নামে ওইসব জমির ফসল নষ্ট করে ফুলজোড় নদীর উত্তোলিত বালু রাখার ষড়যন্ত্র করেন। 

বিষয়টি বুঝতে পেরে কর্তৃপক্ষের বিরুদ্ধে হাই কোর্টে পিটিশন দায়ের করেন এক ভুক্তভোগী কৃষক। এরপর হাই কোর্ট ২০২২ সালের ১ জানুয়ারি ওই জমিতে মাটি ভরাট না করার জন্য আদেশ দেন। কিন্তু আসামিরা উচ্চ আদালতের আদেশ উপেক্ষা করে ১৪ জানুয়ারি ওই জমিতে ঢুকে চারটি ভেকু মেশিন দিয়ে পাকা সরিষা নষ্ট করে মাঝখানে বালু রাখার জন্য জায়গা রেখে চারদিকে মাটির বাঁধ নির্মাণ করে। 

এতে প্রায় ২৩ লাখ ২৮ হাজার টাকার সরিষা নষ্ট হয়। আর জমির মাটি কাটার কারণে ৪৮ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি হয়। এ ছাড়া জমির মাটি নষ্ট হয়ে যাওয়ায় ওই সব জমিতে এখনও কোনো প্রকার ফসল আবাদ হচ্ছে না। আসামিরা প্রভাবশালী হওয়ায় এতোদিন ভুক্তভোগীরা মামলা করার সাহস পাননি বলে এজাহারে বলা হয়েছে।