Published : 07 May 2026, 06:55 PM
বরিশাল নগরীতে বাসায় নিয়ে এক তরুণীকে হত্যার অভিযোগে করা মামলায় প্রেমিককে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার সকালে উজিরপুর উপজেলা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব-৮ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুজ্জামান জানিয়েছেন।
গ্রেপ্তার মো. মাইনুল ইসলাম হিমু (৩২) ঝালকাঠি পৌর শহরের কাটপট্টি মোশারফ হোসেন আকন বাড়ির গোলাম মোর্শেদ জিলানী আকনের ছেলে। তিনি বরিশাল নগরীর পশ্চিম বগুড়া রোড অক্সফোর্ড মিশন প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে রাফি মঞ্জিলের ছয় তলার ভাড়া থাকতেন।
এর আগে ২৩ এপ্রিল সকালে ভাড়া বাসায় ডেকে নিয়ে সানজিদা কবির আনিতাকে (২৩) হত্যার অভিযোগ ওঠে হিমুর বিরুদ্ধে।
নিহত আনিতা নগরীর অক্সফোর্ড মিশন রোডের একটি বাসায় ভাড়া থাকতেন। তিনি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তেগাছিয়া গ্রামের মো. মহসিন কবিরের মেয়ে।
অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান বলেন, হিমুর সঙ্গে আনিতার দুই বছরের প্রেম ছিল। ঘটনার দিন সকাল সাড়ে ৯টার দিকে আনিতা বোনের বাসার উদ্দেশে বের হন। এরপর থেকে তার মোবাইল ফোন বন্ধ পান স্বজনরা।
পরে নগরের বিভিন্ন স্থানে খোঁজার এক পর্যায়ে স্বজনরা জানতে পারেন, রাফি মঞ্জিলের ছয় তলায় হিমুর বাসায় আনিতার লাশ পড়ে আছে। এ ঘটনায় আনিতার বোন বাদী হয়ে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন।
র্যাব কর্মকর্তা বলেন, ঘটনার পর ছায়া তদন্ত শুরু করে র্যাব। আসামি হিমু ঘটনার পর থেকে আত্মগোপনে চলে যান। আইনশৃঙ্খলারক্ষা বাহিনীকে বিভ্রান্ত করতে নানা কৌশল অবলম্বন করেন হিমু।
এদিন সকালে র্যাবের একটি দল উজিরপুর উপজেলার ইছলাদী টোল প্লাজা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার কামরুজ্জামান।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই মেহেদি বলেন, র্যাব আসামি হিমুকে হস্তান্তর করেছে। হত্যার রহস্য উদঘাটনে আসামিকে জিজ্ঞাসাবাদ করা হবে।