১৫ জানুয়ারির মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দিতে হবে: হাসনাত
কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমযয়ে তিনি এসব কথা বলেন।
এক সপ্তাহের মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্র দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।
তিনি বলেছেন, “জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে সরকারের আশ্বাসে আমরা পিছিয়ে এসেছি। তবে এখনো এ বিষয়ে কোনো দৃশ্যমান পদক্ষেপ নিতে সরকারকে দেখা যায়নি।
“সাধারণ মানুষের অংশগ্রহণের মধ্য দিয়ে আমরা সরকারকে স্পষ্ট জানান দিতে চাই, ১৫ জানুয়ারির মধ্যে জুলাই আন্দোলন ও গণঅভ্যুত্থানের স্বীকৃতির ঘোষণাপত্র দিতে হবে।”
বুধবার বিকালে তিনি কুমিল্লা শহরে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের সমর্থনে জনসংযোগ করেন। এ সময় কুমিল্লা টাউন হল মাঠে সাংবাদিকদের সঙ্গে মতবিনিমযয়ে তিনি এসব কথা বলেন।
হাসনাত আব্দুল্লাহ অন্তর্বর্তী সরকারের উদ্দেশে বলেন, “জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধাপ্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। চব্বিশ পরবর্তী সময়ে বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না।”
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির যৌথ উদ্যোগে কুমিল্লা শহরে জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের দাবি সম্বলিত লিফলেট বিতরণ করা হয়।
