Published : 06 Aug 2025, 09:44 PM
ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন পুনর্বিন্যাসের খসড়া প্রস্তাবনায় নোয়াখালী -৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে বাদ দেওয়ায় দুটি ইউনিয়নের মানুষ বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন।
অশ্বদিয়া ইউনিয়নের লোকজন বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত এই বিক্ষোভ করেন। তারা সদর উপজেলার অশ্বদিয়া গার্লস স্কুল অ্যান্ড কলেজের সামনে থেকে চান মিয়ার মোড পর্যন্ত সোনাপুর-কবিরহাট সড়ক অবরোধ করেন।
খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্ব সুধারাম থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর দাবির কথা কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস দেন। তারপর বিক্ষোভকারীরা অবরোধ তুলে নেন।
এ সময় অশ্বদিয়া নাগরিক ফোরামের সভাপতি গোলাম মোস্তফা সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন অশ্বদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ারা লিপি, জেলা বিএনপির সাবেক উপদেষ্টা গোলাম মোস্তফা বাবুল মাস্টার, সদর উপজেলার বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম মেম্বার, অশ্বদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাসান মাহবুব তানসেন, সাবেক সভাপতি আব্দুল্লাহ আল ফারুক, সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি জয়নাল আবেদীন, সাবেক সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন সায়েম, জামায়াতে ইসলামীর নোয়াখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের আমির মো. সাইফুল্লাহ সাইফ, ইসলামী আন্দোলনের অশ্বদিয়া ইউনিয়ন কমিটির সাধারণ সম্পাদক মুফতি আবদুল্লাহ বিন মোস্তফা।

বক্তারা বলেন, নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসন থেকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নকে বাদ দেওয়া হয়েছে মানদণ্ড না মেনেই। তারা অশ্বদিয়া ইউনিয়নকে আগের নোয়াখালী-৪ আসনের সঙ্গে যুক্ত রাখার দাবি জানান। না হলে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন।
এদিকে সদর উপজেলার নেয়াজপুর ইউনিয়নকে নোয়াখালী-৪ আসন থেকে বাদ দেওয়ার প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিল করেন নেয়াজপুরের লোকজন।
বিক্ষোভ মিছিল নিয়ে তারা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান করেন।
এ সময় সর্বদলীয় সংগ্রাম পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট কাউসার নিয়াজীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পেশাজীবী সংগঠনের নেতারা বক্তব্য দেন।
পরে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেন।