Published : 25 Mar 2026, 10:06 AM
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে মামাতো ভাইয়ের ছুরিকাঘাতে এক বৃদ্ধের মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার সোহাগী ইউনিয়নের মমরেজপুর গ্রামে এই ঘটনা ঘটে বলে জানান ঈশ্বরগঞ্জ থানার এসআই বিশ্বজিৎ সুত্রধর।
নিহত আবুল কালাম (৬৫) আবুল কালাম ওই গ্রামের মৃত ছফির উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে তার মামাতো ভাই কাশেম পলাতক।
স্থানীয় ও পরিবারের বরাতে এসআই বিশ্বজিৎ বলেন, আবুল কালামের সঙ্গে কাশেমের দীর্ঘদিন যাবৎ জমি নিয়ে বিরোধ চলছিল। মঙ্গলবার রাতে সোহাগী বাজার থেকে নিজ বাড়ি ফিরছিলেন আবুল কালাম। তিনি মমরেজপুর গ্রামে ডুকতেই ওৎ পেতে থাকা কাশেম তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
গুরুতর আহত আবুল কালামের ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক রাত ১০টার দিকে আবুল কালামকে মৃত ঘোষণা করেন। তার মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রয়েছে।
এসআই আরও বলেন, খবর পেয়ে পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনায় জড়িত কাশেমকে গ্রেপ্তারে অভিযান চলছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে বলেও জানান তিনি।