১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

যশোর হাসপাতালে চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক আটক

ওই যুবক হাসপাতালের বহির্বিভাগে চিকিৎসক পরিচয়ে রোগীদের সহায়তার নাম করে টাকা নিয়ে পালিয়ে যেতেন বলে জানায় পুলিশ।

যশোর হাসপাতালে চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবক আটক
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক পরিচয় দেওয়া আটক আব্দুর রহমান রকিব।

যশোর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2025, 03:35 PM

Updated : 10 Sep 2026, 05:57 PM

যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসক পরিচয় দেওয়া এক যুবককে আটকের কথা জানিয়েছে পুলিশ। 

সোমবার বেলা ১২টার দিকে চিকিৎসক পরিচয়ে প্রতারণার অভিযোগে তাকে আটক করা হয় বলে জানান যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক হুসাইন সাফায়েত।

আটক আব্দুর রহমান রকিব (২২) যশোর শহরের শংকপুর ইসহক সড়কের মুজিবুর রহমানের ছেলে।

চিকিৎসক হুসাইন সাফায়েত বলেন, কয়েক দিন ধরে হাসপাতালের বহির্বিভাগে রকিব নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে রোগীদের সহায়তার নামে টাকা নিয়ে পালিয়ে যেতেন। সম্প্রতি এক নারীর কাছ থেকে ৫০০ টাকা ও চিকিৎসার জন্য করা বিভিন্ন পরীক্ষার প্রতিবেদন নিয়ে পালিয়ে যান তিনি।

পরে ওই নারী হাসপাতালের পুলিশ কেন্দ্রে গিয়ে অভিযোগ করেন এবং ওই যুবকের চেহারার বর্ণনা দেন বলে জানান তিনি। অভিযোগকারী সানজিদা আক্তার যশোর শহরের পুরাতন কসবার বাসিন্দা।

পুলিশ জানায়, বুধবার রকিবকে আটক করা হয়। এ সময় রকিব নিজেকে প্রথমে যশোর মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসক হিসেবে পরিচয় দেন। পরে তার কাছ থেকে একটি পরিচয়পত্র পাওয়া যায়; যেখানে লেখা রয়েছে ‘ইনস্টিটিউট অব হেলথ বরিশাল’। তিনি ওই প্রতিষ্ঠানের দন্ত বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

তবে পরিচয়পত্রের সত্যতা এখনও যাচাই করতে পারেনি পুলিশ। পরে অভিযোগকারী নারীকে খবর দেওয়া হলে, তিনি হাসপাতালে এসে তাকে শনাক্ত করেন। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক বলেন, আটক রকিবকে যশোর কোতোয়ালি থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা করা হবে।  

যশোর জেনারেল হাসপাতাল পুলিশ কেন্দ্রের কনস্টেবল সোহেল রানা বলেন, ওই নারীর অভিযোগের পর থেকে হাসপাতালের বহির্বিভাগে নিয়মিত নজর রাখে পুলিশ। পরে রকিবকে আটক করা হয়।