Published : 01 Aug 2026, 08:35 PM
যশোরের অভয়নগরে পারিবারিক কলহের জেরে মশলা বাটার নোড়া (শিল) দিয়ে আঘাত করে এক বৃদ্ধাকে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের মেয়েকে হেফাজতে নিয়েছে পুলিশ।
শনিবার দুপুর ২টার দিকে উপজেলার ভাঙ্গাগেট এলাকার ভৈরব সেতু-সংলগ্ন একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন অভয়নগর থানার ওসি এস এম নুরুজ্জামান।
নিহত সাহানা বেগম (৬১) বগুড়ার শিবগঞ্জ উপজেলার জহুরুল ইসলামের স্ত্রী। তিনি অভয়নগরের একটি জুটমিলে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
তিনি স্বামী জহুরুল ইসলাম ও মেয়ে শিরিনা খাতুনকে (২০) নিয়ে ভাঙ্গাগেট এলাকায় নাজমুল ইসলামের বাড়িতে ভাড়া থাকতেন।
ওসি নুরুজ্জামান বলেন, পারিবারিক বিরোধ নিয়ে মেয়ের সঙ্গে সাহানা বেগমের ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে শিরিনা শিল পাটার নোড়া দিয়ে সাহানার মাথা ও মুখে আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন।
স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান তিনি।
তিনি বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। এ ঘটনায় নিহতের মেয়ে শিরিনাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি নুরুজ্জামান।