১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

চুয়াডাঙ্গায় ট্রাক দিয়ে সড়ক আটকে বাসে ডাকাতি

তারা বাসটি সন্তোষপুর পার্কের রাস্তায় নির্জন এলাকায় নিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নেয়।

চুয়াডাঙ্গা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2025, 01:04 PM

Updated : 26 Aug 2026, 05:08 PM

ট্রাক দিয়ে সড়ক অবরোধ করে ঢাকা থেকে চুয়াডাঙ্গার দিকে যাওয়া একটি বাসে ডাকাতির অভিযোগ উঠেছে। 

মঙ্গলবার ভোর ৫টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর গ্রামে এ ডাকাতির ঘটনা ঘটে বলে জানিয়েছেন চুয়াডাঙ্গার সহকারি পুলিশ সুপার আনোয়ারুল কবির। 

পূর্বাশা পরিবহনের চুয়াডাঙ্গা কাউন্টারের কর্মকর্তা রোকন হোসেন বলেন, সোমবার রাতে বাসটি ঢাকার গাবতলি থেকে চুয়াডাঙ্গা জেলার দর্শনা যাওয়ার উদ্দেশ্যে ছেড়ে আসে। বাসটি জীবননগর অতিক্রম করে দর্শনা যাওয়ার সময় ভোর পাঁচটার দিকে সন্তোষপুর গ্রামের কাছে পৌঁছায়। 

সেখানে ডাকাতরা ট্রাক দিয়ে রাস্তায় ব্যারিকেড দিয়ে বাসটির গতিরোধ করে এবং বাসটির নিয়ন্ত্রণ নেয়। পরে তারা বাসটি সন্তোষপুর পার্কের রাস্তায় নির্জন এলাকা নিয়ে যাত্রীদের কাছ থেকে মোবাইল ও নগদ টাকা ছিনিয়ে নিতে থাকে। ডাকাতি শেষে ডাকাতদল বাস থেকে নেমে পালিয়ে যায়।

 “ডাকাতদের কাছে ট্রাক ছিল। তারা ১০-১২ জন ছিল। আরো বিস্তারিত এখনও আমরা জানতে পারিনি।”

বাস থেকে নগদ টাকাসহ অন্তত পাঁচ লাখ টাকার বিভিন্ন মালামাল ডাকাতরা নিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানান তিনি। 

সহকারী পুলিশ সুপার আনোয়ারুল কবির বলেন, “তারা কীভাবে গাড়িতে উঠেছিল, কতজন ছিল এবং কি পরিমাণ মালামাল ও টাকা নিয়ে গেছে তা নিয়ে আমাদের কাজ চলমান রয়েছে। আমরা অনুসন্ধান শুরু করেছি।”