নরসিংদীতে শীতলক্ষ্যায় নিখোঁজ চারজনের মধ্যে ৩ জনের লাশ উদ্ধার
বেড়াতে এসে শীতলক্ষ্যা নদীতে গোসলে নেমে পানিতে তলিয়ে যান তিনজন। তাদের উদ্ধার করতে গিয়ে ডুবে যান আরেকজন।
নরসিংদীর শিবপুরে শীতলক্ষ্যা নদীতে ডুবে চার জন নিখোঁজের ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে ডুবুরি দল।
শনিবার সকালে ভৈরব থেকে আসা ডুবুরি দল উদ্ধার কার্যক্রমে অংশ নিয়ে মরদেহগুলো উদ্ধার করে বলে জানান শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান।
মরদেহ উদ্ধার হয়েছে, গাজীপুরের কালীগঞ্জ থানার ভঙ্গাল গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো. ওবায়দুল্লাহ (৩৮), কাপাসিয়া থানার ফুলবাড়িয়া গ্রামের মোসা. শান্তা (১৬) এবং নরসিংদীর শিবপুর থানার মজনু মিয়ার ছেলে সৌরভের (১৮)।
এখনো নিখোঁজ আছেন, টাঙ্গাইল জেলার জুয়েলের ছেলে মো. শান্ত (২৪)।
এর আগে শুক্রবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার দুলালপুর ইউনিয়নের লাখপুর গ্রাম সংলগ্ন নদীতে নিখোঁজের এ ঘটনা ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, লাখপুর গ্রামের মজনু মিয়ার বাড়িতে তিনজন বেড়াতে এসেছিলেন। বিকালে বাড়ির সদস্যদের সঙ্গে তারা শীতলক্ষ্যা নদীতে গোসল করতে নামেন।
এক পর্যায়ে সাঁতার না জানায় তিনজন নদীতে ডুবে যান।এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে সৌরভও তীব্র স্রোতে পানিতে তলিয়ে যান।
সঙ্গে থাকা অন্যরা বিষয়টি স্থানীয়দের জানালে তারা নদীতে নেমে কারও সন্ধান পাননি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বিকাল সাড়ে ৪টায় ঘটনাস্থলে গিয়ে নদীতে তল্লাশি শুরু করেন। কিন্তু কারও খোঁজ পাননি।
পরে রাতে হয়ে যাওয়ায় শনিবার সকাল পর্যন্ত উদ্ধার অভিযান স্থগিত করা হয়।
শিবপুর ফায়ার সার্ভিসের লিডার ইসলাম খান বলেন, শনিবার সকালে পাশের কিশোরগঞ্জের ভৈরব থেকে ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে প্রথমে দুইজনের মরদেহ উদ্ধার করেছেন। পরে আরেকজনের লাশ উদ্ধার করেন।
অপরজনকে উদ্ধার অভিযান চলমান আছে বলেও জানান তিনি।
