১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বেন ৬৪ শিক্ষার্থী

২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় এক হাজার ৩০ আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৬ হাজারের বেশি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় আসন প্রতি লড়বেন ৬৪ শিক্ষার্থী
কুমিল্লা বিশ্ববিদ্যালয়।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2025, 04:30 PM

Updated : 26 Aug 2026, 11:57 AM

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষায় এক হাজার ৩০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৬৬ হাজার ৪০২টি। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৪ পরীক্ষার্থী।

‘এ’, ‘বি’ এবং ‘সি’ তিনটি ইউনিটের বিপরীতে এসব আবেদন জমা পড়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মুজিবুর রহমান মজুমদার।

আবেদনের মধ্যে ‘এ’ ইউনিটে (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ) পড়েছে ৩২ হাজার ৬৫৮টি, ‘বি’ ইউনিটে (কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদ) আবেদন পড়েছে ২৩ হাজার ৭৯২টি এবং ‘সি’ ইউনিটে (ব্যবসায় শিক্ষা অনুষদ) আবেদন জমা পড়েছে ৯ হাজার ৯৫২টি।

২৮ ফেব্রুয়ারি ভর্তি আবেদন প্রক্রিয়া শেষ হলেও টাকা জমা দেওয়ার শেষ সময় ছিল ২ মার্চ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। নির্ধারিত সময়ে এক হাজার ৩০টি সিটের বিপরীতে ৬৬ হাজার ৪০২ পরীক্ষার্থী টাকা জমাদান সম্পন্ন করেছেন। এতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ৬৪ পরীক্ষার্থী।

‘এ’ ইউনিটের আসন সংখ্যা ৩৫০টি। ‘বি’ এবং ‘সি’ ইউনিটের আসন সংখ্যা যথাক্রমে ৪৪০ ও ২৪০টি। ‘এ’ ইউনিটের একটি আসন পেতে লড়বেন ৯৩ জন, ‘বি’ ইউনিটের প্রতিটি আসনের বিপরীতে ৫৪ এবং ‘সি’ ইউনিটে ৪১ শিক্ষার্থী লড়বেন।

রেজিস্ট্রার মুজিবুর রহমান মজুমদার বলেন, “৬৬ হাজার ৪০২ জন পেমেন্ট করেছে, এটাই আমাদের প্রকৃত আবেদন সংখ্যা। এটার ভিত্তিতে ইউনিট প্রধানদের জানিয়ে দেব। মঙ্গলবার সেন্ট্রাল কমিটির সঙ্গে বসে আলোচনা করে পরীক্ষাকেন্দ্র নির্ধারণ করা হবে।”

যেহেতু এবার আবেদন বেশি পড়েছে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে জায়গা সংকুলান না হলে কুমিল্লা শহরের বড় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সহায়তা নেওয়ার কথা বলেছেন রেজিস্ট্রার।

আগামী ১৯ এপ্রিল সকাল ১০টায় ‘সি’ ইউনিট এবং একইদিনে বেলা ৩টায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৫ এপ্রিল বিকাল ৪টায়।