১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ময়মনসিংহে অটোচালককে হত্যার দায়ে একজনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন

২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে নাজিমে পিটিয়ে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয় বলে জানান পিপি।

ময়মনসিংহে অটোচালককে হত্যার দায়ে একজনের ফাঁসি ও ২ জনের যাবজ্জীবন
ময়মনসিংহ আদালতে রায় ঘোষণা শেষে আসামিদের কারাগারে নিয়ে যাচ্ছে পুলিশ।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2026, 04:04 PM

Updated : 16 Sep 2026, 01:02 PM

ময়মনসিংহে অটোচালক মো. নাজিম উদ্দিন হত্যা মামলায় একজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

সোমবার দুপুরে ময়মনসিংহের বিশেষ দায়রা জজ ফারহানা ফেরদৌস আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) আকরাম হোসেন জানিয়েছেন।

মৃত্যুদণ্ড পাওয়া আসামির না পলাশ। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়ারা হলেন- তোফায়েল আহমেদ নাসিম এবং শাকিল।

মামলার বরাতে পিপি আকরাম হোসেন বলেন, ২০২৪ সালের ১৬ জানুয়ারি রাতে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বাসা থেকে বের হন নাজিম। রাত সাড়ে ১০টার দিকে কয়েকজন দাপুনিয়া বাজার থেকে একটি মিলে যাওয়ার কথা বলে নাজিমের অটোরিকশা ভাড়া করেন। 

পরে তাকে সুহিলা মধ্যপাড়া এলাকার কাদুরবাড়ী এলাকায় একটি স্যানিটারি কারখানার সামনে নিয়ে যাওয়া হয়। সেখানে নাজিমকে মারধর করে তার অটোরিকশা নিয়ে পালিয়ে যান আসামিরা।

স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে জানান পিপি।

ঘটনার পরদিন নাসিম, পলাশ ও শাকিলকে আসামি করে কোতোয়ালি মডেল থানায় মামলা করেন নাজিমের ভাই নাছির উদ্দিন। 

পিপি আকরাম হোসেন বলেন, মামলার তদন্ত শেষে পুলিশ ওই তিনজনকে আসামি করে পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে ২০২৫ সালের ১৩ মার্চ আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

১৪ জনের সাক্ষ্য গ্রহণ শেষে পলাশকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ৩০ হাজার টাকা জরিমানা করা হয়; যা হাইকোর্ট বিভাগের অনুমোদন সাপেক্ষে কার্যকর করার নির্দেশ দেওয়া হয় বলে জানান তিনি।

এ ছাড়া নাসিম ও শাকিলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়; যা অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাবাসে থাকতে হবে বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।