Published : 18 Aug 2024, 12:17 PM
বাগেরহাট শহরে ভাঙারি বিক্রেতা এক যুবক খুন হয়েছেন।
রোববার সকালে নাগেরবাজার সার্বজনীন মন্দির সড়কের মিঠুন পালের বাড়ির সামনে থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয় বলে বাগেরহাট সদর মডেল থানার ওসি সাইদুর রহমান জানান।
নিহত বাশার খলিফা (২২) নাগেরবাজার রেলবস্তির প্রয়াত আব্দুল আজিজ খলিফার ছেলে।
নিহতের বড়ভাই মাহবুব খলিফা বলেন, শনিবার রাত ৯টার দিকে বাশার বাড়ির বাইরে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। ভোর ৫টার দিকে রাস্তায় মৃতদেহ দেখে লোকজন পরিবারকে খবর দেয়।
“বাশার সারাদিন বাড়ির বাইরে থাকত। ভাঙাড়ির মালামাল বেচাকেনা করত। আমার জানা মতে, তার কোনো শত্রু নেই। কারা কী কারণে আমার ভাইকে হত্যা করল তা খুঁজে বের করার দাবি জানাচ্ছি। আমি ভাই হত্যার বিচার চাই।”
সদর মডেল থানার ওসি সাইদুর রহমান বলেন, “বাশারের মাথার পেছনে ও সামনে আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথায় ভারি কোনো বস্তু দিয়ে আঘাত করে হত্যা করা হয়েছে। পুলিশ তদন্ত করছে।”
পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালে পাঠিয়েছে।