Published : 03 Apr 2026, 10:12 PM
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় বালু ব্যবসাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার আলোকদিয়া চরে এ ঘটনা ঘটে বলে জানান শিবালয় থানার পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো।
নিহত মিরাজ হোসেন (৪০) উপজেলার তেওতা বালু মহালের ব্যবস্থাপক ছিলেন। তিনি পাবনা সদর উপজেলার দাপুনিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকালে মিরাজ বালুমহালের ড্রেজারে বসে হিসাব-নিকাশ করছিলেন। এ সময় স্পিডবোটে করে আসা একদল লোক তাকে লক্ষ্য করে কয়েকটি গুলি ছোড়ে। এতে তিনি গুলিবিদ্ধ হন। এ ছাড়া হামলাকারীরা তাকে কুপিয়ে পালিয়ে যায়।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঘোষণা করেন।
বালুমহালের ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স ইফতেয়ার এন্টারপ্রাইজের মালিক কাওসার আলম বলেন, তিনি সরকারি ইজারা নিয়ে বালুমহালটি পরিচালনা করছিলেন। বুধবার অচেনা একটি নম্বর থেকে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। পরে শিবালয় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি।
পুলিশ পরিদর্শক মানবেন্দ্র বালো বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।