Published : 17 Jun 2026, 05:33 PM
কুমিল্লার তিতাস উপজেলায় টিউবওয়েল ব্যবহার নিয়ে বিরোধকে কেন্দ্র করে ছোট ভাইয়ের কোদালের আঘাতে এক ব্যক্তির প্রাণ গেছে।
বুধবার বিকালে কেশবপুর পূর্বপাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে তিতাস থানার ওসি মো. মমিরুল হক জানান।
নিহত মো. ইসমাইল মানিক (৪৫) ওই এলাকার বাসিন্দা।
ঘটনার পর থেকে তার ছোট ভাই রাজিব ইসলাম সাগর পলাতক রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
নিহতের মেয়ে রাইসা আক্তার বলেন, “বাড়ির টিউবওয়েল ব্যবহারের বিষয় নিয়ে বাবার সঙ্গে চাচা রাজিব ইসলাম সাগরের কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা তীব্র বাকবিতণ্ডা ও সংঘর্ষে রূপ নেয়।
“এক পর্যায়ে চাচা তার হাতে থাকা কোদাল দিয়ে বাবার গলায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় বাবাকে দ্রুত দ্ধার করে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”
নিহতের ভাইকে গ্রেপ্তারে পুলিশের অভিযান এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে ওসি মমিরুল জানান।